চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
কোভিড আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ( Ex President of India Pranab Mukherjee)। সোমবার দিল্লি সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজেই এনিয়ে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে গিয়েছিলেন অন্য কারণে। সেই সময়ে করোনা ভাইরাসের (Coronavirus) পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
On a visit to the hospital for a separate procedure, I have tested positive for COVID19 today.
I request the people who came in contact with me in the last week, to please self isolate and get tested for COVID-19. #CitizenMukherjee— Pranab Mukherjee Legacy Foundation- PMLF (@CitiznMukherjee) August 10, 2020
ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ে এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই হাসপাতালে চিকিৎসাধীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্ৰ প্রধান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনিও হাসপাতালে ভর্তি। করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। করোনায় আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতও। তিনিই দেশের প্রথম কোনও রাজ্যপাল যিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এবার করোনা সংক্রমণ প্রাক্তন রাষ্ট্রপতির।
গত তিন দিন ধরেই দৈনিক নতুন করোনা সংক্রমণ হচ্ছে ৬০ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ৬৪ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৭ হাজার ১১৬ ও ২৩ হাজার ১০ জন। এক দিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে আজ আবার এক নম্বরে চলে গেল ভারত। এই বৃদ্ধির জেরে ভারতে মোট করোনা আক্রান্ত হলেন ২২ লক্ষ ১৫ হাজার ৭৪ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫০ লক্ষ ৪৪ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩০ লক্ষ ৩৫ হাজার।
মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইটালিকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ভারত। যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলির তুলনায় ভারতে অনেকটাই কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। এ নিয়ে দেশে মোট ৪৪ হাজার ৩৮৬ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৭ হাজার ৭৫৭ জন। দিল্লিকে পিছনে ফেলে মৃত্যু তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে মোট মৃত চার হাজার ৯২৭ জন। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ১১১ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news