Breaking News
Home / TRENDING / প্রণবের সঙ্ঘ সঙ্গ : আশায় – হতাশায় বঙ্গজ কংগ্রেসীরা

প্রণবের সঙ্ঘ সঙ্গ : আশায় – হতাশায় বঙ্গজ কংগ্রেসীরা

নিজস্ব সংবাদদাতা:

প্রণব মুখোপাধ্যায় মানে অনেক কিছু। তিনি দীর্ঘকাল অনেকটা পিতামহ ভীস্মের মত সামলে এসেছেন কৌরব থুড়ি কংগ্রেসের সিংহাসন। দেবব্রত ভীস্মের মতোই সামলেছেন তবে নিজে কখনও সিংহাসনে (পড়ুন প্রধানমন্ত্রীর আসনে) আরুঢ় হননি। হননি না হতে পারেননি সে আলোচনা করা হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর সামিল। সে আলোচনা আজ বৃথা।
আবার প্রণববাবুই সেই চাণক্য যিনি বছরের পর বছর রনে বনে জলে কংগ্রেস সরকারকে রক্ষা করেছেন। জোট রাজনীতির সুচারু কারিগর হয়ে নানা প্রতিকূল পরিস্থিতিতেও কংগ্রেসকে সর্বভারতীয় রাজনীতিতে শুধু প্রাসঙ্গিক রেখেছেন তাই নয় ‘উন্নত শির’ করেও রেখেছেন। জাতীয় রাজনীতিতে ও কংগ্রেসী রাজনীতিতে যে দুই বাঙালি দীর্ঘ কাল কংগ্রেসের হাল ধরেছিলেন তাঁদের মধ্যে একজন প্রিয়রঞ্জন দাশমুন্সি আর একজন অবশ্যই প্রণব মুখোপাধ্যায়। আবার এই প্রণব মুখোপাধ্যায় রাজ্য কংগ্রেসের দীর্ঘদিনের অভিভাবকও বটে। শুধুমাত্র রাজ্য কংগ্রেসেরই নয়, রাজ্যের কংগ্রেসী ঘরানার রাজনীতিরও তিনি অভিভাবক। এমনকি বিশেষ ক্ষেত্রে বামেদেরও।
এ হেন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্ঘের সভায় ভাষণ দেবেন কাল অর্থাৎ বৃহস্পতিবার। রাজ্য কংগ্রেসের নেতারা, প্রণবের দীর্ঘদিনের সহকর্মীরা কে কি ভাবছেন?
বর্ষীয়ান রাজনীতিক সোমেন মিত্রের কথায়, “আরএসএসের সভায় প্রণবদা কি বলেন তা নিয়ে সকলেরই আগ্রহ আছে। আমারও আছে। এমন ভাবার কোনও কারণ নেই যে সঙ্ঘের সভায় গিয়ে তিনি তাঁর রাজনৈতিক দর্শন, দীর্ঘ লালিত আদর্শ সব ভুলে যাবেন। হিন্দুত্ব সম্পর্কেও প্রগাঢ় জ্ঞান আছে তাঁর। হিন্দু ধর্ম উদার। এখানে সঙ্ঘের সংকীর্ণতা নেই। প্রণব তা জানেন।”
প্রণববাবুর আর একজন অতিঘনিষ্ঠ রাজনীতিক দেবপ্রসাদ রায়। রাজনৈতিক মহলে তিনি মিঠু নামেই পরিচিত। তাঁর বক্তব্য, “সঙ্ঘকে প্রণবদা ধর্ম নিরপেক্ষতার পাঠ দিতেও পারেন। তিনি অনেক কঠিন পথ পেরিয়েছেন। কখনও আদর্শচ্যুত হননি।”
চিরকাল রাজ্যসভায় জিতে আসা প্রণবকে লোকসভা জয়ের স্বাদ দিয়েছেন যে দু’একজন তাদের মধ্যে অধীর চৌধুরীর নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অধীর নাকি কংগ্রেস ছেড়ে পদ্মে যেতে পারেন, এমন গুঞ্জনও চলছে অনেকদিন ধরে। এমতাবস্থায় অধীরের প্রতিক্রিয়া, “প্রণববাবুকে ডেকেছে, তিনি যাচ্ছেন। ব্যক্তিগত স্বাধীনতা আছে সকলের। তাছাড়া তিনি এখন রাজনীতিবিদও নন, রাষ্ট্রপতিও নন। এখন এ প্রসঙ্গে আমি কী বলতে পারি! তবে অবাক তো হয়েছি—আরএসএস-এর সদর দফতরে যাচ্ছেন প্রণব মুখার্জি! আমি বিশ্বাস করি, তাঁর নিজের জ্ঞান বুদ্ধি আছে, যা করছেন ভেবেচিন্তেই করছেন। আর কী বলতে পারি!
তবে বিরক্তি ফুটে বেরোচ্ছে অঙ্কের মাষ্টারমশাইয়ের গলায়। কোথায় যেন হিসেব মিলছে না তাঁর! এমনটাই বলছেন আব্দুল মান্নান। তাঁর কথায়, “আমার রাজনৈতিক বিশ্বাসে আমি আরএসএস-কে ঘৃণা করি। কিন্তু সকলের নিজস্ব বক্তব্য থাকতেই পারে। কে কোথায় যাবে বা যাবে না তা নিয়ে আমি কিছু বলতে পারি না।”

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *