পার্থসারথি পাণ্ডা : 
‘এলিট’ সিনেমা হল বন্ধ হয়ে গেল, তবে সেটার যে কি গতি হবে জানা যায়নি। বেশ কয়েক বছর হল, জ্যোতি সিনেমা গোডাউন হয়ে গেছে। মাঝখানে আগুনও লেগেছিল সেই গোডাউনে।
অনেকদিন হল সিনেমার দর্শকদের রুচি বদলেছে, ‘হলে’ গিয়ে সিনেমা দেখার প্রবণতা কমেছে, যারা যাচ্ছেন তাঁদের মধ্যে বেশিরভাগেরই পয়সা দিয়ে কমফোর্ট কেনার আসক্তি বেড়েছে। তার ওপর বাংলা ছবি নির্ভর ‘হল’ হলে তো কথাই নেই! পাইরেটেড ছবি বিশেষ বিশেষ সাইট মারফৎ স্মার্ট ফোনে অনেকেই রিলিজের সঙ্গে সঙ্গে দেখে ফেলছেন, গাঁটের কড়ি ঘাটে ফেলে হলের মালিকেরা কার জন্য হাপিত্যেশ করে বসে থাকবেন! মশা গলতে না পারা ভিড়ের মধ্যিখান দিয়ে ডাইভ মেরে জামাটামা ফাঁসিয়ে টিকিট ঘরের সরু গলিতে কোনরকমে হাত ঢুকিয়ে একখানা টিকিট বাগাতে পারার ঘটনা বহুদিন হল রূপকথা। দিনের পর দিন লোকসানে এই ‘হল’ গুলো ক’দিন আর ধরে রাখবেন মালিকেরা। এভাবেই সিঙ্গলস্ক্রিনগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। পার্কিং সহ নানান পরিকাঠামোর অভাবে কোন কোনটা পরিণত হচ্ছে দোকান বা ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মলে, কোন কোনটা হচ্ছে নেহাত গোডাউন, কোন কোনটা আবার ভেঙে চুরে সেখানে দিব্যি ফ্ল্যাটবাড়ি উঠে গেছে। পূর্ণ, চ্যাপলিন, গ্লোব, মেট্রো, লোটাস, অনন্যা, নিউ এম্পায়ার, রূপবানী সহ সবাই সেই নিয়তিরই শিকার। অথচ বাংলা ও ভারতীয় সিনেমার ইতিহাসে এই ‘হল’-গুলোর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, রয়েছে মহান সব পরিচালক শিল্পীদের ঐতিহাসিক স্মৃতি। আমরা আমাদের ইতিহাস আগেও ধরে রাখতে পারিনি, এখনও পারছি না। ঠিক কিনা জানিনা, তবে হাওয়ায় ভাসছে একটা খবর, এবার নাকি শনির কোপ পড়তে চলেছে ‘রক্সি’র ওপর, সেও বন্ধ হল বলে! একটা দীর্ঘশ্বাস ফেলতে ইচ্ছে করছে, বলথে ইচ্ছে করছে, খবরটা মিথ্যে হলেই মঙ্গল…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news