ওয়েব ডেস্ক:
নাম না করেও পাকিস্তানকে চরম বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন, যারা এই কাজ করেছে তাদের উপযুক্ত মূল্য চোকাতে হবে।
শুক্রবার, নিউ দিল্লি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, পুলওয়ামা জঙ্গি হামলার কড়া জবাব দেবে ভারত। এইসঙ্গে তিনি জানান, জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এরপর সীমান্ত রাজ্যে যে ভারতীয় সেনা হাতে হাত দিয়ে বসে থাকবে না বলা বাহুল্য। অপরপক্ষে পুলওয়ামার ঘটনায় বিরোধীদের প্রতিও বার্তা দিলেন মোদী। উল্লেখ্য, জঙ্গি হামলা নিয়ে কংগ্রেস বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিতে গিয়ে মোদীকে নিশানা করে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, জওয়ানদের নৃশংস হত্যার পর কোথায় গেল মোদীর ৫৬ ইঞ্চি ছাতি? দেশের জওয়ানের এই হত্যা কেন? জবাব চায় দেশবাসী। আজ বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বক্তব্য, যাঁরা পুলওয়ামা ঘটনায় সমালোচনা করছেন, তাঁদের ভাবনার সম্মান করি। কিন্তু এ ঘটনা সংবেদনশীল। রাজনীতির উর্ধ্বে এই সমস্যার মোকাবিলা করা উচিত। এইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে সব মহল যে এ ঘটনার তীব্র নিন্দা করেছে, তাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, বিশ্বের সব দেশই ভারতের পাশে রয়েছে। এ ঘটনার তীব্র সমালোচনা করেছে সব মহল। নাম না করে পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আর্থিক দুর্নীতিগ্রস্ত প্রতিবেশী দেশ যদি ভেবে থাকে ভারতকে এভাবে বিপর্যয়ের মুখে ফেলবে, তা হলে তারা ভুল ভাবছে। এই হামলার জবাব চাইছে ১৩০ কোটি দেশবাসী।
এ দিন শহিদ সিআরপিএফের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news