চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আমাদের দেশের নাম ভারতবর্ষ। কেউ ভারত বলেন, আবার কেউ ‘ইন্ডিয়া’ বলেন। এই দুটি নামই ব্যবহার করা হয় দেশকে সম্বোধন করার জন্য। তবে এবার একটা নামই ব্যবহার করা হোক, তা হল ‘ভারত’। এমনই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন নামাহ নামে এক ব্যক্তি। আজ বুধবার দেশের সর্বোচ্চ আদালত দেশের নাম ‘ইন্ডিয়া’ নয়, শুধুমাত্র ‘ভারত’ ব্যবহার করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে।
আজ এই মামলা প্রসঙ্গে ভার্চুয়াল শুনানিতে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, “ভারত এবং ইন্ডিয়া দুটি নামই সংবিধান দ্বারা প্রদত্ত। সংবিধানে ‘ইন্ডিয়া’কে ভারতও বলা হয়েছে। তাই পরিবর্তন করতে হলে সংবিধান অনুযায়ী সংসদে পেশ করতে হবে। তবেই তা পরিবর্তন করা যাবে।” এ মামলা প্রসঙ্গে আদালত উপস্থাপনার আকারে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনটি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রককে আবেদনটি পাঠানো হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
শুধুমাত্র একটাই নাম ‘ভারত’ ব্যবহার করা নিয়ে আবেদনকারী আদালতকে জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ শব্দটি বিদেশ থেকে নেওয়া হয়েছে। এই নামের সঙ্গে গ্রিক শব্দ ‘ইন্ডিকা’র মিল রয়েছে। অন্যদিকে ভারত শব্দটি আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত রয়েছে। স্লোগান হিসেবে ‘ভারত মাতা কি জয়’ ব্যবহার করা হয়। এমনকি এটি দেশের নাগরিকদের ঔপনিবেশিক অতীতকে জয় করতে এবং আমাদের জাতীয়তার জন্য গর্বের অনুভূতি জাগিয়ে তুলবে। এ ছাড়া স্বাধীনতা সংগ্রামীদের কঠিন লড়াইকে সর্বদা ন্যায্যতা দেবে এই নাম।”
একটাই নাম ব্যবহার করতে হলে সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। কারণ সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, “ইন্ডিয়া, যা ভারতও, একটি যুক্তরাষ্ট্রে পরিণত হচ্ছে.…….”। তাই এখন ‘ইন্ডিয়া’ নামটি সরাতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন।
প্রসঙ্গত, ২০১৬ সালে এমনই একটি আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। তৎকালীন প্রধান বিচারপতি টি এস ঠাকুর জানিয়েছিলেন, প্রত্যেক ভারতবাসী অধিকার রয়েছে তাঁর দেশের নাম ‘ভারত’ বা ‘ইন্ডিয়া’ বলে ডাকার। দেশের নাগরিক কোন নামটি ব্যবহার করবেন, তা তাঁরাই ঠিক করবেন। সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না। প্রধান বিচারপতির কথায়, “আপনি যদি দেশের নাম ‘ভারত’ বলতে চান, তাহলে তাই বলুন। আবার যদি ‘ইন্ডিয়া’ বলতে চান তা হলেও অসুবিধা নেই। আমরা এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করব না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news