চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
ভাব টা এমন যেন রাজ্য স্তর স্তরের সব নেতার ভাবমূর্তি স্বচ্ছ, সাফসুতরা, যত গণ্ডগোল সব ওই জেলা আর ব্লক স্তরে! তাই জেলার রদবদলের পর সৎ ভাবমূর্তির ব্লক সভাপতি খুঁজতে তৃণমূলের জেলাস্তরের নেতাদের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
গত ২৩ জুলাই রাজ্য ও জেলা সংগঠনে রদবদল করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১০ আগস্টের মধ্যে জেলা স্তরের সাংগঠনিক রদবদল সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে আগেই। তারপরই ব্লক স্তরের রদবদলের নির্দেশ দিয়েছেন পিকে স্যার। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও প্রশান্ত কিশোরের অঙ্গুলি হেলনেই হয়েছে যাবতীয় রদবদল। এবার তারা হাত দিতে চান ব্লক পর্যায়ে। ৩৪১টি ব্লক ও শহর তথা টাউন সভাপতি বদল করতে বলেছেন তাঁরা। এই নির্দেশ কার্যকর করতে বেশ কিছু শর্ত দিয়েছেন তাঁরা। যেমন, দুর্নীতি বা স্বজনপোষনের সঙ্গে যুক্ত থাকা কোনও ব্যক্তিকে ব্লক সভাপতি পদে রাখা যাবে না। এমন কেউ যদি দায়িত্বে থাকে তাঁকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। বদলে স্বচ্ছ ভাবমূর্তির কোনও নেতাকে দায়িত্ব দিতে হবে। সঙ্গে বলা হয়েছে, রদবদলের নাম করে নিজের অনুগামীকে সভাপতি পদে বসিয়ে দেওয়া চলবে না। এক্ষেত্রে জেলা সভাপতি, কোঅর্ডিনেটর ও চেয়ারম্যান এক সঙ্গে বৈঠক করে ব্লক সভাপতির নাম চূড়ান্ত করবেন। চূড়ান্ত হওয়ার পরও সেই নাম ঘোষণা করতে পারবেন না তারা। নাম চূড়ান্ত করার পর তা পাঠাতে হবে দলের ২১ জনের সমন্বয় কমিটির কাছে। সমন্বয় কমিটি অনুমোদন করলেই চূড়ান্ত ভাবে ঘোষিত হয়ে যাবে ব্লক সভাপতির নাম।
গত শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল (TMC) নেতারা বিধাননগরে এক বৈঠকে বসেছিলেন। সূত্রের খবর প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতির নির্দেশ কার্যকর করতে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বিধায়কদের কাছে প্রস্তাব দিয়েছেন সভাপতি বদলের। তবে বৈঠকে বেশিরভাগ বিধায়ক সভাপতি বদলের পক্ষপাতী নন। কারণ, ২০২১ সালের মার্চ-এপ্রিল-মে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। এই সময় ব্লক সভাপতি বদল হলে নীচুতলার সাংগঠনিক বিন্যাস নষ্ট হতে পারে বলেই মনে করছেন বিধায়করা। পাশাপাশি, বিধানসভা এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে পারে প্রবলভাবে। এমন সব কথা বলে বৈঠকে বেশিরভাগ বিধায়ক ব্লক সভাপতি বদলের বিপক্ষে মত দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক শীর্ষ নেতৃত্বের নির্দেশের কথা বলেছেন বারবার। বৈঠকে যোগদানকারী এক বিধায়কের কথায়, “যার নির্দেশেই এই ব্লক সভাপতি বদলের কথা হোক, তাঁরা নীচুতলার বাস্তবতা বোঝেন না। কারণ, রাজ্য ও জেলা সাংগঠনিক রদবদল আর ব্লক পর্যায়ের বদল এক জিনিস নয়। এতে সাংগঠনিক সমীকরণ বদল হয়ে যাবে। ফলস্বরূপ ২০২১ সালের ভোটে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news