চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ধারাবাহিক ভাবে পেট্রোল ও ডিজেলের (Petrol & Diesel) দাম বৃদ্ধি পাওয়ায় শহর কলকাতার বাজারে সবজির দাম অগ্নিমূল্য। কলকাতা শহরে মানিকতলা বাজার (Maniktala Bazar) অন্যতম। সেখানেও শনিবার কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। বেগুন, উচ্ছে, পটল, ঝিঙের মতো সবজি বিকোচ্ছে ৮০ টাকা কেজি দরে। অথচ আমফান ঘূর্ণিঝড়ের পরেও এই সমস্ত সবজির মূল্য ছিল ২০-২৫ টাকা কেজি। একমাত্র পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্যবৃদ্ধি। সবজি বিক্রেতারা জানাচ্ছেন, এখনও পর্যন্ত ট্রেন চালু না হওয়ায় কৃষকদের বাধ্য হয়ে গাড়ি করে বাজারে সবজি নিয়ে আসছেন। সেখানে ডিজেলের দাম অধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় তাদের খরচ অনেকটাই বেশি হচ্ছে। আগে যেখানে ১০০০ টাকা খরচা হত, এখন সেখানে দিনে দুই থেকে আড়াই হাজার টাকা খরচা হচ্ছে।
ফলে কাঁচা সবজির দাম তারা বাড়াতে বাধ্য হচ্ছে। অন্যদিকে আমফানের ফলে ক্ষতি হয়েছিল বেশ কিছু জেলায় সবজি চাষের। তার প্রভাব পড়েছে এই সবজি বাজারে। এর পাশাপাশি মাছের দামও বৃদ্ধি পেয়েছে। তার একমাত্র কারণ পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়া। অন্য শহর থেকে ট্রাকে করে শহর কলকাতায় মাছ আসে । কিন্তু ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ট্রাকই এই মুহূর্তে শহর কলকাতায় ঢুকছে না। আর যে সমস্ত গাড়ি আসছে তাদের খরচ অনেক বেশি হওয়ায় মাছের দাম বেড়ে যাচ্ছে। রুই, কাতলা মাছের দাম ৪০০-৪৫০ টাকা কেজি। এদিন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেছেন, “পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় কাঁচা সবজির দাম এতটাই বৃদ্ধি পেয়েছে। যেখানে বিশ্ববাজারে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমেছে সেখানে কি করে দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পায় তা অবাক করা বিষয়।” এখানে সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের ব্যর্থতা বলে দাবি করেছেন রবীন্দ্রনাথ। তবে স্বস্তির কথা এই যে আলুর দাম এখনো ২৪ টাকার মধ্যে এবং কিছু পটল পাওয়া যাচ্ছে যার দাম একটু হলেও কম । আম জনতাকে আপাতত এগুলোর ওপর নির্ভর করতে হবে বলে জানিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news