চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কালো? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ! এসব কাব্যকথা বইয়ের পাতাতেই স্থান পেয়েছে বাস্তব কিন্তু চিরকাল অন্য কথাই বলে এসেছে।
গায়ের রং নিয়ে মানুষের মনে গেঁথে থাকা এমন ধারণাকে ভিত্তি করে বিশ্বব্যাপী গড়ে উঠেছে রং ফর্সাকারী প্রসাধনীর বিশাল বাজার।
সম্প্রতি আমেরিকায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করার পর বর্ণবৈষম্য নিয়ে উত্তাল হয়েছে গোটা বিশ্ব। তারই ধারাবাহিকতায় গায়ের রং ফর্সাকারী পণ্য বা বর্ণবৈষম্য সমর্থন করে এমন পণ্যগুলো নিষিদ্ধের ওপর চাপ সৃষ্টি হয়। এই বিতর্কের মধ্যেই ইউনিলিভার ইন্ডিয়া তাদের জনপ্রিয় প্রোডাক্ট “ফেয়ার এন্ড লাভলি” (Fair & Lovely) থেকে “ফেয়ার” শব্দটি বাদ দেওয়ার কথা ঘোষণা করেছে।

গত দু’সপ্তাহে বিশ্ব বাজার থেকে এই ক্রিম নিষিদ্ধের দাবিতে তিনটি পিটিশন জমা পড়েছে। বিশেষ করে এশিয়া এবং পশ্চিমের এশিয়ার দোকানগুলো থেকে ক্রিমটি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগে কয়েক হাজার মানুষ সাক্ষর করেছিলেন। ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র বিজ্ঞাপন ও বিক্রি নিষিদ্ধের দাবিতে শত শত মানুষ টুইট করেছেন।
তারপরই চাপের মুখে পড়ে নাম থেকে ‘ফেয়ার’ শব্দটি এবং বিজ্ঞাপন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় হিন্দুস্তান ইউনিলিভার কর্তৃপক্ষ। এমনকি ক্রিমের প্রচারে ফর্সা, উজ্জ্বল এসব শব্দের ব্যবহার বর্ণ-বৈষম্যকে উস্কে দিয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদন হলে আগামী কয়েক মাসের মধ্যে নতুন নামটি পরিবর্তিত হবে বলে আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, সত্তরের দশক থেকে যাত্রা শুরু করা এই ক্রিম বাজারে আসার পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। শুধুমাত্র ভারতের বাজারেই বছরে ২৪০০ কোটি টাকার ব্যবসা করে এই পণ্যটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news