মূল হিন্দি রচনা: শরদ জোশী
অনুবাদ: পার্থসারথি পাণ্ডা
যেসব শিশুরা রেল স্টেশনে জন্ম নেয়, তারা সারাটাজীবন ট্রেনের প্যাসেঞ্জার হয়েই কাটায়, নাকি স্টেশন মাস্টার হয়, এটা নিশ্চিত হওয়ার জন্য তাদের ওপর গবেষণা হওয়া উচিত!
এই কথাটা আমার মনে এলো একটাই কারণে; সেটা হচ্ছে, কাল রাতে আমি একটি লেখায় মধ্যপ্রদেশের ‘জরায়মপেশা’ জনজাতির কথা পড়লাম। চুরি-চামারিই এদের একমাত্র পেশা। এই জনজাতির মায়েরা সবসময় চায় জেলের ভেতরেই তাদের সন্তানের জন্ম হোক। তাই গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে তারা এমন একখানা মোক্ষম অপরাধ করে, যাতে করে তাদের তক্ষুনি জেল হয়ে যায়। সে যাত্রায় ডেলিভারি জেলে হলে তো একেবারে সোনায় সোহাগা! ওদের জাতীয় ধারণা হল, ছেলে যদি জেলে জন্মায়, তাহলে সে বড় হয়ে নামকরা চোর হয়। এতে সে যেমন ‘জরায়মপেশা’ জনজাতির গৌরব বাড়াবে, তেমনি চুরিচোট্টামিতে খাসা রোজোগারপাতি করে তোফা জীবন কাটাবে! আসলেই, ছেলে যাতে ঝানু ও দাগি চোর হয়, তাই মা জেলে যায়!
চোরদের নিয়ত ও নিয়মিত উপস্থিতিতে জেলের খুপুরির মধ্যে নিশ্চয়ই এমন কোন তরঙ্গ, কম্পন বা ভাইব্রেশন তৈরি হয়, যা চৌর-ব্যক্তিত্ব গড়ে তুলতে খুব কাজে লাগে! এই দৃষ্টিকোণ থেকে দেখলে, লাইব্রেরিতে সন্তানের জন্ম হলে তার পণ্ডিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা; এরোপ্লেনে জন্ম নিলে পাইলট হওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকে। এরই জন্য সম্ভবত, সরকারি কোয়ার্টারে যেসব ছেলেদের জন্ম ও বড় হওয়া, তারা আকছার সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং বড়বাবু হয়ে বেশ নাম করে। আর তাছাড়া, দেশে যে এত ভুয়ো-সুয়ো-দুয়ো ডাক্তারের ছড়াছড়ি, এর মূলে অধিকাংশ শিশুর জন্ম হাসপাতালে হওয়ার কারণও থাকতে পারে। এর সঙ্গে টেস্টটিউবে যে-সব শিশুর জন্ম হচ্ছে, তারা হয়তো একদিন দেশের সবচেয়ে বড় রসায়নবিদ হয়ে উঠল–এমনটা যেকোন সময় হতেই পারে!
মানুষের ওপর পরিবেশের প্রভাব পড়েই পড়ে–এটা স্বতঃই প্রমাণিত। ভগবান কৃষ্ণের জন্ম জেলে হয়েছিল। সেখানে অবশ্য তিনি বেশিক্ষণ থাকেননি, তবুও তাঁর ওপর প্রভাব একটা পড়েছিল। ছোটবেলা এবং কৈশোরে ননী চুরি আর স্নানমগ্ন গোপিনীদের শাড়ি চুরির প্রাথমিক রেকর্ড তাঁর আছে। পরে কৃষ্ণ অবশ্য আর চুরি করেননি, কিন্তু তাঁর স্বভাবে দস্যিপনা আর ফিচেলবুদ্ধি চিরটাকাল ছিল। আমাদের কংগ্রেসি নেতারাও স্বাধীনতার আন্দোলনে নেমে বহুবার জেল খেটে এসেছেন। কিন্তু তাঁদের লক্ষ্যে স্বাধীনতা ছিল ঠিকই, তবে প্রভাব কিছু অবশ্যই পড়েছিল। তাই স্বাধীনতার পর পরই নেতাদের ওপর চুরির দায় ঠিক না চাপলেও, ধাপ্পাবাজির দায় কিন্তু চেপেছিলো। চোর চুরি ছাড়তে পারে, কিন্তু ধাপ্পাবাজ ধাপ্পাবাজি ছাড়তে পারে না। আমার বক্তব্য হল, জেলের বাতাস বুড়োধাড়িদের যদি বদলে দিতে পারে, তাহলে ‘জরায়মপেশা’ জনজাতির সদ্যোজাত শিশুটি তো কোন ছার!
এখানে একটা কথাই বলতে চাইছি যে, সমাজবিজ্ঞানীদের এটা গবেষণা করে দেখা উচিত যে, কোন শিশুর জন্ম কোথায় হচ্ছে এবং তারা বড় হয়ে কি হয়ে উঠছে! শান্তিনিকেতনে জন্ম নেওয়া শিশুদের মধ্যে কত জন কবি-সাহিত্যিক-শিল্পী, রাজস্থানে জন্ম নেওয়া কতগুলো শিশু লাখপতি-কোটিপতি হল, এটা গবেষণা করে দেখা উচিত। এবার একটু নিজের কথা বলি, আমার জন্ম হয়েছিল কালিদাসের জন্মভূমি উজ্জয়িনীতে। তাই হয়তো ছন্দ- উপমার একান্ত অভাব থাকলেও যে-ডালে বসে সেই ডাল কাটার মতো কালিদাসী মুর্খামি আমার মধ্যে বহাল তবিয়তেই আছে। সত্যি!
এই প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় এলো, আচ্ছা, আজ দেশে, দেশের প্রতিটি ক্ষেত্রে এই যে চোরের এত বাড়বাড়ন্ত, এদের জন্ম কোথায় হয়েছিল বলুন তো?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news