নীল রায়। শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরণ আটকাতেই হবে, এমনই নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার তৃণমূল ভবনে দলের শিক্ষক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসে ছিলেন তিনি। সেখানেই লোকসভা ভোটে দলের বিপর্যয় নিয়ে আলোচনা করেন পার্থ। আগামী ২ বছরের মধ্যেই রাজ্যের বিধানসভা ভোট। তাই শিক্ষকদের মধ্যে বিজেপিতে যোগদানের প্রবণতা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে শিক্ষক সংগঠনের নেতাদের বাড়তি দায়িত্ব নিয়ে গেরুয়া আগ্রাসন রুখতে নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল মহাসচিব অভিযোগ করেন, এবারের লোকসভা ভোটে তৃণমূল সঙগঠনের অনেক সদস্যই বিজেপিকে ভোট দিয়েছেন। উওরে শিক্ষক সংগঠনের নেতারা বলেন, “যতদিন না কেন্দ্রীয় সরকারী শিক্ষকদের সমপরিমাণ বেতন পাচ্ছেন। সঙ্গে বকেয়া ডিএ দেওয়া হচ্ছে, ততদিন সরকারী কর্মীদের মনোভাব সরকার বিরোধী থাকবে।” এমন সব কথা শুনেও শিক্ষামন্ত্রী উপস্থিত নেতৃত্বকে বিজেপিকে রুখতে নির্দেশ দেন। প্রসঙ্গত, এদিনের বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বারবার ঘুরে ফিরে এসেছে রাজ্যে গেরুয়া প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগের কথা। বৈঠকে উপস্থিত এক শিক্ষক নেতার কথায়, পার্থ চট্টোপাধ্যায় বারবার করে বিজেপিকে আটকানোর কথা বললেও, কীভাবে শিক্ষকরা তা করবেন তার স্পষ্ট কিছু রুপরেখা বলে দেননি। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের শিক্ষাঙ্গনে গেরুয়া দাপট রুখতে না পারলে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়তে হবে তাঁকে, তা ভালোই জানেন পার্থ। তাই এখন থেকেই বিজেপিকে আটকাতে শিক্ষকদের ময়দানে নামতে চাইছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news