মধুমঙ্গল বিশ্বাস:
পার্থিব সৌন্দর্যের সবটুকু নিয়ে রাই দাঁড়িয়ে আছে। আকাশের মতো ব্যাপক তার যৌবন। তার দেহসৌন্দর্য পুরুষকে পাগল করে, পরপারে নিয়ে যায়। তার বুকের মধ্যে এক লক্ষ ঘুড়ি। নিখিল তাকে ভালোবাসে। সর্বস্ব পণ তার। রাই বিনা তুচ্ছ এ-জগৎ।
রাই বলে, যা কিছু তোমার নিজস্ব সবটুকু দিলে আমি আর অধরা থাকব না, তোমার হব। সম্মত নিখিল তার বাক্স তোরঙ খুলে সব তুলে দেয় রাইকে। তার যা কিছু সঞ্চয়, সারাজীবনের উপায় ও অর্জন।
নিখিল বলে, রাই এইবার প্রসন্ন হও, আমাকে গ্রহণ করো।
—আকাশের আয়নায় তোমার জীবনের ছবি ভাসছে। তাকাও। সবকিছু কি দিতে পেরেছ এখনও? যা কিছু তোমার অর্জন, সে তো পদ্মপাতায় জল। তা যদি লুট হয়ে যায় কী থাকবে তোমার?
—আমি বুঝতে পারছি না, হেয়ালি কোরও না রাই, আমার কী অদেয় আছে! সবই তো দিয়েছি। নিঃস্ব রিক্ত এই আমার পৃথিবী তোমার সামনে দাঁড়িয়ে।
রাই হাসে। দাওনি, দাওনি। সে বলে, দাও, আরও দাও, আরও; সব দাও।
হতভম্ভ নিখিল খাজাঞ্চির দেরাজ হাতড়াতে থাকে। কিছুই পায় না। কেবল সে দেখতে পায় অন্ধকার কোণগুলো আলোয় ঝলমল করছে। কী করবে বুঝতে না পেরে, নিখিল তার পোশাক খুলতে থাকে। সে বলে, থাকা বলতে তো ওইটুকুই, আর তো অবশেষ কিছুই নেই। তবে তাই হোক, আমার নগ্ন নিষ্পত্র দেহ তোমাকে দিলাম। নিখিলের চোখে মেঘেদের ঘনঘটা, নেমে আসে আষাঢ় শ্রাবণ। অশ্রুর সনির্বন্ধ স্রোত। সে আর ভাবতে পারে না। নিথর স্তব্ধতায় সে এক অন্ধপ্রেমিক।
কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। তার শরীর জ্যোৎস্নার পরশ অনুভব করে নিখিল। চিরন্তন নারীর প্রয়াসে সে আলোময়। কালের ডাক শুনতে পায় সে। দেখতে পায়, সব ঘুড়ি ভো-কাট্টা। বুঝতে পারে, সঙ্গমের সময় হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
খুব ভাল লেগেছে আমার। সংক্ষিপ্ত শব্দের মধ্যে পুরোটা বিস্তার করা চাট্টিখানি কথা নয়। একমাত্র গল্পকারই পারেন ।