নিজস্ব প্রতিনিধি।
ফের রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের প্রধান সৌরভ দাসকে ডেকে পাঠিয়ে পুরভোটের প্রস্তুতি প্রসঙ্গে খোঁজ নেওয়ার পাশাপাশি, বেশকিছু পরামর্শ দেন রাজ্যপাল। সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারকে বলেছেন, “পুরভোটে যেন পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি না হয়।” সেই প্রসঙ্গে শুক্রবার এক প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করলেন। তিনি বলেন, “রাজ্যপাল পুর নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমি দেখা করে তাঁর কাছে জানতে চাইব, আপনি যে পদে আছেন, সেই পদে থেকে এই ধরনের কাজ করা উচিত হচ্ছে কি?”
পার্থ আরও বলেন, “পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলির অবস্থা সবাই দেখেছে। কয়েকটি দল মিউজিয়াম ও ভেন্টিলেশনে চলে গেছে। মিডিয়া তাদের টেনে বের করছে। গণতন্ত্র নিয়ে প্রশ্ন করছেন। ভারতের অন্যান্য রাজ্যে গণতন্ত্র তো দেখছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে চলেছেন। কোনও কথা না বলে রাজ্যপালের উচিত মমতার উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করা। শুধু সরকারকে বিব্রত করার জন্য রাজভবনকে ব্যবহার করছেন।” শিক্ষামন্ত্রীর কথায়, “এটা পরম পরিতাপের ও দুঃখের। মুখ্যমন্ত্রী কিন্তু কারও সম্পর্কে কিছু বলছেন না। আসুন সকলে মিলে তাঁর হাত শক্ত করি। রাজ্যপাল ঠিকই করে নিয়েছেন প্রতিদিনই তাঁকে মিডিয়ায় থাকতে হবে। এটা ঠিক হচ্ছে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news