নিজস্ব সংবাদদাতা:
লক্ষাধিক টাকার বিরল প্রজাতির প্যাঙ্গোলিন সহ গ্রেফতার ২। গ্রেফতার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের সদস্যরা। গতকাল রাতে আন্দুল এলাকা থেকে উদ্ধার হয় প্রাণীটি। এই ঘটনায় কার্তিক খাটিক এবং গুরুপদ কানজি নামের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম ইউনিট। আজ অভিযুক্তদের হাওড়া আদালতে তোলা হবে।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট সূত্রে খবর, প্রাণীটিকে উত্তরপ্রদেশ থেকে রাজ্যে নিয়ে আসে এই দুই ব্যক্তি। খবর পায় প্রশাসন। জানা যায়, প্যাঙ্গোলিনটিকে ৬০ লক্ষ টাকা মূল্যে হাওড়া আন্দুল এলাকার জনৈক ব্যক্তির কাছে বিক্রির পরিকল্পনা করছিল অভিযুক্তরা। এরপরেই গতকাল রাতে আন্দুলের এনসি পাল রেলগেট এলাকায় হানা দিয়ে বিলুপ্ত প্রজাতির প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দুই পাচারকারীকেও।
ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ইউনিটের বক্তব্য, বিলুপ্ত প্রজাতির প্রাণীটিকে এরাজ্যের বাঁকুড়া পুরুলিয়াতেও পাওয়া যায়। এরা রাতের অন্ধকারে খাবারের সন্ধানে বের হয়। সেই সময় চোরা শিকারিরা প্রাণীটিকে ধরতে সক্ষম হয়। তবে উদ্ধার হওয়া এই প্যাঙ্গোলিনটিকে উত্তরপ্রদেশের থেকে আনা হয়েছে বলে জানান তদন্তকারী আধিকারিকেরা। এদের সঙ্গে বড় কোনও চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news