নিজস্ব সংবাদদাতা:
মমতা বন্দ্যোপাধ্যায় তখন সবে মাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। তাঁকে যাঁরা চেনেন তাঁরা আড়ালে আলোচনা করছেন ‘লেট রাইজার’ নেত্রী কী করে সকাল বেলা মহাকরণে যাবেন! তিনি তো ঘুম থেকেই ওঠেন বেলা সাড়ে দশটার পর! সারা রাত জেগে দলের বিবিধ কাজকর্ম করা ছিল মমতার অভ্যাস। দরকারি আলোচনা, দরকারি ফোন, দরকারি সিদ্ধান্ত… সব রাতে। তারপর ভোরের দিকে ঘুমোতে যাওয়া। ‘দিদি’ এ হেন অভ্যেসের কারনেই মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কি করবেন তাই নিয়ে ঘনিষ্ঠদের মিঠে রগড়। কেউ কেউ একটু বেড়ে খেলে জিজ্ঞাসা করত তাহলে কী রাতে খোলা থাকবে রাইটার্স! সকলকে ভুল প্রমাণ করে নিজের অভ্যেস পাল্টে নিতে সময় নষ্ট করেননি মমতা। দশটায় মহাকরণ পৌঁছবার জন্য সকাল সকাল রেডি।
এরকমই এক সকালে তাঁর ঘনিষ্ঠ একজনের ফোনে ভেসে উঠল তাঁর নম্বর। ফোনটা বেজেই থেমে গেল। মুখ্যমন্ত্রীর মিসড কল! বেশ কৌতুক বোধ করলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সেই মানুষটি। ফোন করলেন মুখ্যমন্ত্রীকে। ‘তোমার মিসড কল দেখলাম!’ মমতার অমায়িক উত্তর, ‘করতে গিয়েও করলাম না। অফিস বেরোচ্ছি। খুব তাড়া।’ ‘অফিস!’ ভদ্রলোক বিস্মিত। মমতা বললেন, ‘রাইটার্স যাচ্ছি তো।’
মমতার সেই সাধের অফিস বদলে মমতা নিজেই তাঁর নতুন অফিস করেছেন কয়েক বছর আগে। সেই অফিসে আজ,শনিবার গেলেন মুকুল রায়। বিজেপিতে যোগ দেওয়ার পর, এই প্রথম। রথযাত্রা নিয়ে আদালতের নির্দেশের পর প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে নবান্নে গেলেন তিনি। এদিন দুপুর তিনটের সময় বিজেপির দুই সদস্যের প্রতিনিধি দল নিয়ে মুকুল গেলেন নবান্নে। প্রতিনিধি দলের পক্ষে জয়প্রকাশ মজুমদার বলেন, রথযাত্রা হবেই। তৃণমুল সরকার আটকাতে পারবে না। তাই আমরা আদালতের কথা মত প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চাই।
অনেকদিন আগে একটি সাংবাদিক বৈঠকে সারধা সংক্রান্ত প্রশ্নের উত্তরে মুকুল যা বলেছিলেন তাতে ক্রুদ্ধ হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। মুকুল সেদিন মমতার নাম না করেও বুঝিয়ে দিয়ে ছিলেন, রেলের সঙ্গে সুদীপ্ত সেনের ব্যবসায়িক যোগ নিয়ে যে প্রশ্ন উঠছে, সে সময় তিনি বা দীনেশ ত্রিবেদী কেউই রেলমন্ত্রী ছিলেন না। তিনি না বললেও কারও বুঝতে অসুবিধা হয়নি, সে সময় রেলমন্ত্রী ছিলেন মমতা স্বয়ং। সেই শুরু বিরোধের। তারপর মুখ্যমন্ত্রী তাঁকে ডাকলেন নবান্নে। রুদ্ধদ্বার বৈঠক। তারপর থমথমে মুখে মুকুলের বেরিয়ে আসা। বিরোধের আনুষ্ঠানিক শুরু।
এদিন নবান্নে গিয়ে কী সেই দিনটা মনে পড়ল মুকুলের!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news