সূর্য সরকার। কাটমানি কাণ্ডের জেরে এবার তৎপরতা পঞ্চায়েত দফতরে। কাটমানির অভিযোগ আটকাতে টেন্ডারেই ভরসা পঞ্চায়েত দফতরের। এবার থেকে সব কাজ করতে হবে টেন্ডার ডেকে। টেন্ডার ছাড়া ছোট বড় কোনও কাজ করা যাবে না। এতদিন পঞ্চায়েত স্তরে ছোটোখাটো কাজের ক্ষেত্রে টেন্ডার ছাড়াই কাজের বরাত দেওয়া হত। সেক্ষেত্রে কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে স্বজনপোষন সহ কাটমানি খাওয়ার অভিয়োগ উঠত। সেই কারনেই পঞ্চায়েত দফতর সব কাজই টেন্ডারের মাধ্যমে করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর, দফতরের আরও নির্দেশ টেন্ডার ডাকার পর দফতরের যে ‘সিকিওর সফ্টওয়্যার’ আছে, তাতে সব তথ্য আপলোড করতে হবে। এরপর রাজ্য পঞ্চায়েত দফতর সেই তথ্য খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে তবেই সেই টেন্ডার অনুযায়ী কাজের বরাত দেওয়া যাবে। ফলে স্থানীয় স্তরে নিজেদের ইচ্ছেমতো কাউকে কোনও কাজ পাইয়ে দেওয়া যাবে না। তবে শুধু কাজের টেন্ডার-ই নয়, ১০০ দিনের কাজের ‘জব কার্ড’ তৈরি করা বা গ্রাম পঞ্চায়েত স্তরে কোনও কিছু কিনতে গেলেও তার দাম সংক্রান্ত তথ্যও ওই সফ্টওয়্যারে আপলোড করতে হবে। পঞ্চায়েত দফতরের নির্দেশিকা এমনটাই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news