ওয়েব ডেস্ক:
শিখ তরুণীকে অপহরণ করে জোর করে ধর্মান্তকরণ পাকিস্তানে। ইমরানের দ্বারস্থ অসহায় পরিবার। প্রসঙ্গত টানা তিন দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার লাহোরে খোঁজ মেলে ওই অপহৃত শিখ তরুণীর। ততক্ষণে জোর করে ধর্মান্তর করা হয়েছে তাঁর। এমনকী তাঁর বিয়েও দেওয়া হয়েছে এক মুসলিম তরুণের সঙ্গে। উল্লেখ্য, একটি ভিডিওয় তরুণী তাঁর ইসলাম গ্রহণ করার কথা স্বীকারও করেন। যে ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
লাহোরের ওই অঞ্চলের নাম নানকানা সাহিব। সেখানকার এক শিখ গ্রন্থি-র মেয়ে জগজিৎ কউর। দিন তিনেক আগে নিখোঁজ হয়ে যায় জগজিৎ। বাবা ভগবান সিংহ তাম্বু সাহিবের একটি গুরুদ্বারের গ্রন্থি। পরিবারের তরফে অভিযোগ, বন্দুক দেখিয়ে ঘর থেকে তুলে গিয়ে যাওয়া হয় জগজিৎকে। এদিকে জগজিতের পরিবার পাক প্রশাসনকে হুমকি দিয়েছে, মেয়েকে ফেরত না পেলে তাঁরা পাক পঞ্জাবের গভর্নরের দফতরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হবেন।
অপহৃত তরুণীর ভাই সুরিন্দর সিংহ জানিয়েছেন, ‘একদল লোক জোর করে ঘরে ঢুকে ছোট বোনকে তুলে নিয়ে যায়। ওকে মারধর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে।’ সুরিন্দর সিংহ আরও জানান, ‘থানায় গিয়ে অভিযোগ করেছিলাম। পুলিশের ওপরতরলার অনেকের কাছেই গিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। উল্টে এলাকার দুষ্কৃতীরা আমাদের বাড়িতে এসে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছে।’
চূড়ান্ত অসহায় অবস্থায় মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশের প্রধান বিচারপতি আসিফ সইদের কাছে আবেদন করেছেন তরুণীর বাবা ভগবান সিংহ।
এদিকে অপহরণ ও ধর্মান্তরকরণের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লাহোরের শিখ সমাজে। বিষয়টি নিয়ে নানকানা সাহিব গুরুদ্বারে একটি বৈঠকও হয়। একই ঘটনায় সক্রিয় দিল্লির শিখ গুরুদ্বার পরিচালন কমিটি ও অকালি দলনেতা মনজিন্দর সিংহ সিরসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী জয়শঙ্করকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news