সুমন ভট্টাচার্য
ঠিক কোনটা বেশি চিন্তায় রাখবে ইমরান খানকে?
ঘরের পাশে ইরানে করোনা ভাইরাসে চল্লিশ জনের মৃত্যু?
গত কয়েক মাস ধরে ইসলামাবাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, মালেশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদের আচমকা পদত্যাগ এবং কুয়ালালামপুরের রাজনৈতিক অনিশ্চয়তা?
না, ভারতে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের নরেন্দ্র মোদীর (Narendra Modi) উচ্ছ্বসিত প্রশংসা এবং ইসলামি মৌলবাদ ঠেকাতে ওয়াশিংটন যে নয়াদিল্লির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, সেই ঘোষণা?
হয়তো সোমবার রাতে তিনটেই সমান উদ্বেগে রাখবে পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা বিশ্বখ্যাত ক্রিকেটার ইমরান খানকে (Imran Khan)। এবং যখন তিনি জানেন যে এই মূহুর্তে তাঁর দলে স্টেপ আউট করে ছয মারার মতো কোনও জাভেদ মিয়াঁদাদ নেই, আর উল্টো দিকের অধিনায়ক নরেন্দ্র মোদী ফ্রন্টফুটে গিয়ে প্রতিটা বলকেই বাউন্ডারির বাইরে ফেলছেন। এমনকি এই ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর মোদীর জন্য সুপার শট না হতে যায় ! অন্তত এখনও পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্বাধীনতার পর থেকে চিরকালের সোভিয়েত বন্ধু বলে পরিচিত গান্ধী পরিবারের সৌজন্যে নয়াদিল্লির সঙ্গে মস্কোর সৌহার্দ্যর কথাই আমরা জানতাম, সেখানে ভারত এবং আমেরিকার মধ্যে এই রকম দোস্তি যে অনেকেরই চোখ কপালে তুলে দিচ্ছে, তা বলাই বাহুল্য। সোমবার নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যা যা বলেছেন, তাতে করোনা ভাইরাসের ভয় না থাকলে চিনা নেতারা সোমবার রাতেই হোয়াঙ হো নদীর জলে ডুব মারতেন, আর ইসলাবাদকে হয়ত ভারত থেকেই বার্নল কিনে হৃদয়ের ক্ষত মেটাতে হবে!
ইসলামি মৌলবাদের বিরুদ্ধে লড়ার জন্যই যে ওয়াশিংটনের নয়াদিল্লিকে দরকার, সেটা মার্কিন প্রেসিডেন্ট ভারতের মাটিতে দাঁড়িয়ে বলে দিয়েছেন। আর সে জন্য ইমরান যতটা না চিন্তায় থাকবেন, তাঁর রক্তচাপ আরও বাড়িয়ে দেবে, একটি সারসত্য। তা হল, যে ভারত গোটা বিশ্বকে গত কুড়ি বছর ধরে বুঝিযে আসছে যে পাকিস্তানই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, আজ আমেরিকাও সেই ধারণাটিকে সিলমোহর দিয়ে দিল। এইটাই নরেন্দ্র মোদীর আজকে একেবারে স্ট্রেট ড্রাইভে ছক্কা।
নিজের দেশে গুজরাটি ভোটারদের জন্য ডোনাল্ড ট্রাম্প আমেদাবাদে গিয়েছেন, এই ধরনের বস্তাপচা প্রচার এবং টিপিক্যাল বামপন্থী ন্যারেটিভ থেকেও বোধহয় এবার বেরোনোর সময় হয়ে এসেছে ।রাজনীতিকরা রাজনৈতিক উদ্দেশ্যের কথা সব সময় মাথায় রাখবেনই । প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের রাজনীতির সামনে দাঁড়িয়ে ভারত কি পেল? আমাদের জন্য কি সুযোগ এল?
মালেশিয়ার রাজনৈতিক সঙ্কট কাটলে হয়তো মহাথিরই আবার প্রধানমন্ত্রী হবেন। মালেশিয়া আবার পাকিস্তানকে সাহায্য করবে, কিন্তু পাকিস্তানের কি হবে?
ওয়াশিংটন ইসলামাবাদ কে এখন যেরকম দুয়োরানি ট্রিটমেন্ট দিচ্ছে, সেটা হয়তো ইন্ডিয়া বা ভারতকে আপাতত সুবিধা দেবে, বিশ্ব রাজনীতিতেও নতুন সমীকরণ দেবে। এর সঙ্গে ভারতকে বাড়তি সুযোগ দিচ্ছে করোনা নিয়ে জেরবার চিন (China)।
ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তো আর শুধু শাহরুখ খানের দিল ওয়ালে দুলহানিযা লে যায়েঙ্গের কথা উল্লেখ করে থেমে যাননি, শোলের কথাও বলেছেন । আর কে না জানে শোলে তে বীরু এবং জয়ের সেই কালজয়ী গানটার কথা! ‘ইয়ে দোস্তি অব হাম নেহি তোড়েঙ্গে..।’ আসলে তো এখন ভারত আমেরিকার সম্পর্ক ওই গানটিকে অনুসরণ করেই চলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news