নিজস্ব সংবাদদাতাঃ
কালিম্পং: নতুন করে অশান্তির কালো মেঘ ঘনাতে শুরু করল পাহাড়ে! ফের গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে পোস্টার পড়ল পাহাড়ে। আর এই পোস্টারকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল দার্জিলিং-এ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে কেউ বা কারা ‘জনতা’র নাম করে কালিম্পং শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু পোষ্টার লাগিয়ে দিয়ে যায়। এই পোষ্টারগুলিতে লেখা রয়েছে ‘গোর্খারা তাদের প্রধান দাবি গোর্খাল্যান্ডের দাবিতে শেষ প্রস্তুতি নিয়ে আন্দোলনে নামতে চলেছে। আর এই আন্দোলনের কারণে যদি পাহাড়ে নতুন করে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় তার জন্য দায়ী থাকবে রাজ্য ও কেন্দ্র সরকার’। পোস্টারে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার পাহাড়ে বসবাসকারি গোর্খাদের দাবি নিয়ে কোনও সদুত্তর দিচ্ছে না। আর অন্যদিকে রাজ্য সরকার বিনা কারণে পাহাড়ের আন্দোলনকারী দের বাড়িতে অস্ত্র রেখে, পাহাড়ের নিরিহ মানুষদের বিনা অপরাধে শাস্তি দিচ্ছে। তাতে হুশিয়ারি দিয়ে লেখা রয়েছে, পাহাড়ের বাসিন্দারা তা কখনই মেনে নেবে না। তাই সময় হয়ে এসেছে শেষ লড়াইয়ের। নতুন করে ফের আন্দোলনকে সংগঠিত করতে এই পোস্টার। আর এই পোষ্টারকে ঘিরে পাহাড়ের মানুষের মধ্যে ইতিমধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এদিকে রাজনৈতিক মহলের ধারনা, বিমল গুরুং ফের নতুন করে ফিরে আসতেই জনতার নাম করে তার অনুগামীদের দিয়ে এই পোস্টার ছড়িয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী পাহাড় সফরে গিয়ে জিটিএ বোর্ড নতুন করে বিন্যাস করে দিয়েছেন। তারপর থেকেই পাহাড়ের উন্নয়ণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এরপরই এই ধরনের পোস্টার পড়ায় ফের অশান্তির আঁচ দেখছে সাধারণ মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news