ওয়েব ডেস্ক:
জেলে বসে ফের গ্রেফতার চিদম্বরম। বুধবার আইএনএক্স মিডিয়া মামলায় কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
উল্লেখ্য, চিদম্বরমকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল ইডি। মঞ্জুর হয় সেই আবেদন। এরপরই বুধবার দিল্লির তিহার জেলে প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন অর্থমন্ত্রীকে। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় জেল হেফাজত অবস্থাতেই ইডি গ্রেফতার করে কংগ্রেস নেতাকে। তিহার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ পি চিদাম্বরমকে আদালতে তুলতে হবে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরমের বিরুদ্ধে আলাদা আলাদা দু’টি বিষয়ে আবেদন করে তদন্তকারী সংস্থা ইডি। প্রথমত, তারা চিদাম্বরমকে গ্রেফতারের অনুমতি চায়। দ্বিতীয়ত, তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার অনুমতি চাওয়া হয়। উত্তরে আদালত ইডিকে দুই বিকল্প দেয়। হয় আদালত চত্ত্বরেই চিদাম্বরমকে আধ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করতে হবে, তারপর তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করা যাবে। অথবা, তাঁকে আপাতত তিহার জেলে পাঠানো এবং সেখান থেকে তাঁকে গ্রেফতার করা যেতে পারে। দ্বিতীয় বিকল্পটিই বেছে নেয় ইডি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news