Breaking News
Home / TRENDING / ওমপ্রকাশ মিশ্র যোগ দিলেন তৃণমূলে! সোমেন বললেন, “অনেকদিন দলে নেই।”

ওমপ্রকাশ মিশ্র যোগ দিলেন তৃণমূলে! সোমেন বললেন, “অনেকদিন দলে নেই।”

 নীল রায়।

বিধানসভার নৌশার আলি কক্ষে যখন লোকসভার দলনেতা মনোনীত হওয়ায় অধীর চৌধুরীকে সংবর্ধনা দিতে ব্যস্ত সোমেন মিত্র, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য্যরা। ঠিক বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি ওমপ্রকাশ মিশ্র। বুধবার মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দল বদলালেন তিনি। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় আসেন এই অধ্যাপক রাজনীতিক। দলে যোগ দেওয়ার পুরস্কারও দেওয়া হয়েছে তাঁকে। তৃণমূলের শিক্ষা ফোরামের সর্বভারতীয় চেয়ারম্যান করা হয়েছে ওমপ্রকাশ মিশ্রকে। যদিও, তৃণমূলে এমন কোনও সংগঠন আছে বলে কারও জানা নেই।

ওমপ্রকাশ মিশ্র একসময় রাজ্য রাজনীতিতে তীব্র মমতা-বিরোধী মুখ হিসেবে পরিচিত ছিলেন। অধীর চৌধুরির ঘনিষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়ে দলীয় নেতৃত্বের কাছে আবেদন করেন ওমপ্রকাশ। একদিন প্রচারেও নেমেছিলেন ভবানীপুরে। কিন্তু, শেষমেষ দীপা দাশমুন্সীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্ব প্রার্থী করায় ২০১৬ সালের ভোটে দাঁড়ানো হয়নি তাঁর।

তবে ২০১৬ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রুখতে বাম-কংগ্রেসের যে নির্বাচনী সমঝোতা হয়েছিল, তারও অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি। লোকসভা ভোটের সময়ও তিনি চাইছিলেন বামেদের সঙ্গে জোট হোক। কিন্তু, শেষপর্যন্ত তা হয়ে ওঠেনি। অধীর প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরার পর থেকেই দলে কোণঠাসা হতে থাকেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আসার পর আরও অসম্মানিত বোধ করেন ওমপ্রকাশ। লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের দায় নিয়ে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি।

দলের সভাপতি সোমেন মিত্রর বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খোলেন। তারপর দলের সঙ্গে দূরত্ব আরও বাড়ে। শেষে এদিন যোগ দিলেন তৃণমূলের। ওমপ্রকাশের তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “ওমপ্রকাশ অনেকদিন ধরেই আর কংগ্রেসে ছিলেন না। তাই দলের কোনও ক্ষতি হয়নি। কারণ তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেছিলেন।” সঙ্গে তার আরও সংযোজন, “লোকসভা ভোটের আগে ওমপ্রকাশ মিশ্র বামফ্রন্টের সঙ্গে জোটের সমর্থক ছিলেন। কিন্তু ভোটের পরে তিনি তৃণমূলের সঙ্গে জোটের দাবিতে সরব ছিলেন। তাঁর এই অবস্থান দলের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *