প্রসেনজিৎ মাহাতো:
ভারত–নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন অভিনব জিনিস ঘটলো ম্যাঞ্চেস্টারে। ‘নো ফ্লাই জোন’ পরিণত হল ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম।
গ্রুপ পর্বে হেডিংলিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ভারত–বিরোধী ব্যানার নিয়ে স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে গিয়েছিল বিমান। ‘জাস্টিস ফর কাশ্মীর’ এবং ‘স্টপ জেনোসাইড, ফ্রি কাশ্মীর’ বার্তা ছিল ব্যানারে। খেলাধুলো থেকে রাজনীতিকে দূরে রাখা হবে যতই প্রতিশ্রুতি দিন কর্তারা, তার পরও এমন ঘটনা ঘটায় প্রচণ্ড খেপে গিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিয়ে আশঙ্কাও প্রকাশ করে। প্রতিবাদ জানিয়ে আইসিসি–কে লিখিত অভিযোগ জানিয়েছিল বিসিসিআই। তার পরই সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচ চলাকালীন ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের ওপর দিয়ে কোনও বিমান উড়ে যাবে না। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসিবি সেটা জানিয়েছে ভারতীয় বোর্ডকে।
বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, একথা আমরা জানিয়েছিলাম। তার পরই ইসিবি–র তরফে সিইও রাহুল জোহরিকে জানানো হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম মঙ্গলবার নো ফ্লাই জোনে পরিণত হবে।’
চলতি বিশ্বকাপে শুধু ভারত–শ্রীলঙ্কা ম্যাচে নয়, আফগানিস্তান–পাকিস্তান ম্যাচেও স্টেডিয়ামের ওপর দিয়ে বিমান উড়ে গিয়েছিল। যাতে রাজনৈতিক বার্তা ছিল, ‘জাস্টিস ফর বালুচিস্তান’। ওই ম্যাচে দু’দলের সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়। যা আইসিসি–ও ভালভাবে নেয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news