সূর্য সরকার । রাজ্যে বর্ষার ভ্রুকুটি উঁকিঝুঁকি দিতেই বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগেভাগেই দুষে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটান কিংবা বাংলাদেশ সীমান্ত হোক বা বিহার ঝাড়খন্ড — বিভিন্ন দিক থেকে জল ছাড়ার জন্য প্রতি বছরেই উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ জলে ভাসে, বন্যা পরিস্থিতি তৈরী হয়। সেক্ষেত্রে কেন্দ্রকে বার বার বলা সত্বেও ফারাক্কা বা ডিভিসির ব্যারাজে পলি তোলা হয় না বা অন্য সংস্কার করা হয় না বলে বিধানসভায় অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
আত্রেয়ী নদীর জল শুকিয়ে যাওয়া ও বাংলাদেশের দিকে বাঁধ নির্মাণ প্রসঙ্গে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ” দক্ষিণ দিনাজপুরে আত্রেয়ী নদীর উপর একদিকে বাংলাদেশ বাঁধ নির্মাণ করেছে বলে ওখানে নদীর জল শুকিয়ে যাচ্ছে। আমি নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছিলাম। আমাদের প্রধানমন্ত্রীকে নিজে এই বিষয়ে বলেছিলাম। ওরা বাঁধ নির্মাণ করে দিয়েছ। এটা মানুষের জন্য খুব খারাপ। রাজ্যের থেকে কেন্দ্রকে জানানো হয়েছে কিন্তু কেন্দ্র বিষয়টি হালকা ভাবে দেখছে।”
পাশাপাশি , মুখ্যমন্ত্রী আরও জানান, ডিভিসি সংস্কার যেমন হয়নি। ঠিক সেই ভাবে ফারাক্কায় সংস্কার হয়নি। কিন্তু সেটা প্রয়োজন। সেই কারণে বাঁকুড়া, হুগলি জলে ভেসে যায়। ঝাড়খণ্ডে বন্যা হলে আমাদের এখানে জল চলে আসে। অন্যের জলে আমাদের বন্যা হয়। ফারাক্কা নিয়ে আমরা বলেছিলাম ড্রেজিং করতে কিন্তু করে না। আজ ১২, ১৫ বছর ধরে এটা দেখছি বলে অভিযোগ করেন মমতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news