নিজস্ব সংবাদদাতা। “জয় শ্রীরাম” বলার অপরাধে এক প্রৌঢ়কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার খাল বোয়ালিয়া গ্রামে। আক্রান্ত ব্যক্তির নাম সুভাষ সর্দার (৪৮)। বাড়ি স্থানীয় বোয়ালিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সুভাষ সর্দার চাষের জমি থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক পরিচিত ব্যক্তিকে দেখে “জয় শ্রীরাম” বলেন তিনি। জানা যায়, ঘটনাস্থলের অদূরেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একথা শুনেই কয়েকজন দলীয় কর্মী রাস্তায় বেরিয়ে এসে তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, এরপরই সুভাষ সর্দারকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। পরে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কৃষ্ণগঞ্জ থানায় গেলে, অভিযোগ নিতে অস্বীকার করে থানার পুলিশ। ফলে এখনও অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশের কাছে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি জানিয়েছে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি দেন বিজেপি নেতৃত্ব। মারধরের ঘটনায় গুরুতর জখম ওই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে, স্থানীয় কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা বুঝে তাঁকে ভর্তি নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news