নীল রায়।
উর্দি পরে মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে বিতর্কে জড়ালেন আই জি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে তাই বিতর্ক দানা বাঁধছে। ৮ সেকেন্ডের ওই ভিডিও-য় দেখা যাচ্ছে, দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেক খাইয়ে দিচ্ছেন রাজ্যের এক শীর্ষ পুলিশ কর্তাকে। মুখে কেক নিয়ে উর্দি পরে থাকা সেই পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এই পুলিশ কর্তা হলেন রাজ্যের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র। ওই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাঁথির সাংসদ শিশির অধিকারী,
ডিরেক্টর সিকিউরিটিজ বিনীত গোয়েল। ঘটনাটি মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা সফরের। তবে এই ভিডিওর সত্যতা “চ্যানেল হিন্দুস্তান” যাচাই করেনি।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে, কেকের টুকরো মমতা প্রথমে খাইয়ে দিলেন ডিরেক্টর সিকিউরিটিজ বিনীত গোয়েলকে। পরে সেই কেকের টুকরোটাই রাজীব মিশ্রকে খাওয়ান মুখ্যমন্ত্রী। আর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পায় হাত দিয়ে কপালে ছোঁয়াচ্ছেন রাজীব। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশের উর্দি পড়ে কীভাবে একজন কর্তব্যরত আইপিএস এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে পারেন? যদিও,পুলিশ সূত্রে দাবি, গত ২১ অগস্ট ছিল বিনীত গোয়েলের জন্মদিন। তা পালন করতেই দীঘার সমুদ্র সৈকতে কেক খাইয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে মুখ্যমন্ত্রীকে প্রণাম করে বিতর্কে জড়িয়েছেন রাজীব মিশ্র।
“অল ইন্ডিয়া সার্ভিস কনডাক্ট রুল” অনুযায়ী কোনও পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় এক জন সাংবিধানিক পদাধিকারীকে স্যালুট করতে পারেন। কিন্তু কোনও ব্যক্তিরই পায়ে হাত দিয়ে প্রণাম করা সার্ভিস রুলের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। নবান্ন সূত্রে খবর, রাজীব মিশ্রর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো যে এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না, তা ইতিমধ্যে স্পষ্ট। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘এটাই বাকি ছিল। আমলাদের প্রকাশ্যে তিনি কার্যত ওঠবোস করিয়েছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় পুলিশ কমিশনার খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন, প্রসাদ বিতরণ করছেন, এমনটাও দেখা গিয়েছে। এ বার লাঠি বাবার মতো আমলাদের মাথার উপর পা বোলাবেন উনি!” বারাসাতে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এমন ঘটনা আমি আগে কখনও দেখিনি। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে অযোগ্য পুলিশ অফিসাররা পদোন্নতি পেয়ে যাচ্ছেন। আর রাজ্যের আইন-শৃঙ্খলা রসাতলে যাচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news