ওয়েব ডেস্ক:
নুসরতকে আমন্ত্রণ ইসকনের। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন নায়িকা সাংসদ, এমনটাই খবর। ফলে বৃহস্পতিবার ইস্কন আয়োজিত রথযাত্রার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছেন বসিরহাটের নব-নির্বাচিত সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। সূত্রের খবর, নুসরত জাহানকে ইস্কনের তরফে অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, যা তিনি গ্রহণ করেন। এরপর ভিডিও বার্তায় ৪ জুলাই ইস্কনের রথযাত্রার আয়োজনে উপস্থিত থাকবেন, তা নিজেই জানান সাংসদ অভিনেত্রী। অন্যদিকে ইস্কনের মুখপাত্র রাধারমণ দাস টুইট করেন, ”রথযাত্রার আমন্ত্রণ গ্রহণ করার জন্য নুসরতকে ধন্যবাদ। আপনি সত্যিই পথ দেখাচ্ছেন।”
সন্ন্যাসী রাধারমণ দাস টুইটে মনে করিয়ে দেন, ”ইস্কনের রথযাত্রা অনুষ্ঠান একটি সামজিক সমন্বয়ের উদাহরণ। যেখানে ঈশ্বরের রথ নির্মাণ করেন মুসলিম ভাইরা। এমনকি বেশকিছু পোশাক বানানোর দায়িত্বেও রয়েছেন মুসলিম ভাইরা। এটা তাঁরা কয়েক দশক ধরে আমাদের কিছু মন্দিরের জন্য করে আসছেন।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার ইসকনের রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news