ওয়েব ডেস্ক:
এনআরএসের গোলমালে রাজ্য জুড়ে ব্যহত হতে পারে চিকিৎসা ব্যবস্থা। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। যেহেতু এনআরএসের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্নরা। সব মিলিয়ে ভোগান্তি বাড়তে চলেছে রোগীদের। চিকিৎসকদের উপরে আক্রমণে ক্ষুদ্ধ বাংলার চিকিৎসক মহল।
অন্যদিকে বৈঠকেও মিলল না সমাধান। মধ্যরাতের রোগী-ডাক্তার খণ্ডযুদ্ধে গুরুতর জখম দুই জুনিয়র ডাক্তারের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক জানা গিয়েছিল সকালেই। বর্তমানে ওই জুনিয়র ডাক্তার নিউরো সায়েন্সে চিকিৎসাধীন। নাম পরিবহ মুখোপাধ্যায়। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পরিবহ। নিন্দনীয় এই ঘটনায় রোগীর পরিবারে দু’জনকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর নিউরো সায়েন্সে গিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে এনআরএসেও পৌঁছে গিয়েছেন তিনি।

উল্লেখ্য, এরই মধ্যে এনআরএসের উত্তেজনা সামলে পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র জানিয়েছেন, রোগীদের কোনওরকম অসুবিধা হবে না। প্রয়োজনে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
কিন্তু চিকিৎসকেদের উপর ভয়ঙ্কর হামলার পর রাজ্য জুড়ে ডাক্তাররা যেভাবে ক্ষুদ্ধ হয়েছেন, যেভাবে তাঁরা বিক্ষোভ দেখাতে চিকিৎসা পরিষেবা বন্ধের হুমকি দিচ্ছেন তাতে করে চিন্তায় পড়ে গিয়েছে রাজ্য প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news