ওয়েব ডেস্ক:
সংসদের শীতকালীন অধিবেশনেই আনা হবে নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার সংসদভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গেল। সূত্রের খবরে এদিনের বৈঠকে এসসি/এসি সংরক্ষণ বিল আনার সিদ্ধান্তও পাকা হয়।
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ধন্দ্ব রয়েছে সাধারণ জনমানসে। এখানে জেনে নেওয়া যেতে পারে ঠিক কী রয়েছে এই সংশোধনীতে।
সিটিজেনশিপ অ্যাক্ট (১৯৫৫) সংশোধন করতেই এই বিল আনা হচ্ছে। এই বিলে আছে যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা সে দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টান ধর্মালম্বী মানুষ ভারতে ৬ বছর থাকলেই এখানকার নাগরিকত্ব পাবেন। আগে সময়সীমা ছিল ১২ বছর। নাগরিকপঞ্জীর বিলের বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বেশ কয়েকটি দল। তাদের বক্তব্য, ধর্মের ভিত্তিতে কোনও মানুষকে কোনও দেশের নাগরিকত্ব দেওয়া যায় না।
প্রসঙ্গত,লোকসভা নির্বাচন সহ সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিজেপির প্রধান অ্যাজেন্ডাই ছিল নাগরিকপঞ্জী। যদিও অসমে নাগরিকপঞ্জীতে কয়েক লক্ষ হিন্দু বাদ পড়ায় দলের অন্দরেই সমালোচনা শুনতে হয়েছে বিজেপিকে। এখন বিরোধীরা দাবি করছেন, গত নাগরিকপঞ্জীতে বাদ পড়াদের নাগরিকত্ব দিতেই এই নতুন সংশোধনী বিল, যেহেতু বিজেপি প্রকাশ্যে বলছে, তালিকা থেকে বাদপড়া হিন্দুদের কোনও চিন্তা নেই।
উল্লেখ্য, সংশোধনী বিল নিয়ে আপত্তি রয়েছে উত্তরপূর্বের কয়েকটি রাজ্যের।তাদের বোঝাতে সেই রাজ্যগুলির মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে একধিক বৈঠক করেছেন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news