নীল রায়।
এবার সংবিধান দিবস নিয়ে সংঘাতের পথে রাজ্য ও রাজ্যপাল ! মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) ঘোষণা করেন, ২৬ ও ২৭ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে বিশেষ অধিবেশন বসবে বিধানসভায়। এর কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) টুইট করে ওইদিনই পাল্টা রাজভবনের সংবিধান দিবসের কর্মসূচি ঘোষণা করেন। যদিও টূইটে তিনি জানিয়েছেন, রাজভবনের এই কর্মসূচি বহু আগে স্থির ছিল। এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিজের টুইটে রাজ্যপাল লেখেন, “২৬ নভেম্বর সংবিধান দিবস উদযাপনটি রাজ ভবনে নির্ধারিত হয়েছে এবং কয়েক দিন আগে এই বিষয়ে আমন্ত্রণ প্রেরণ করা হয়েছিল। এই বিষয়ে ব্যক্তিগত যোগাযোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মাননীয় প্রধান বিচারপতিকে এক মাসেরও বেশি আগে আমন্ত্রণ বার্তা প্রেরণ করা হয়েছিল।” রাজ্যপালের এমন টুইটের পর আবারও রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, বুধবার ভোরে মুর্শিদাবাদ জেলার ডোমকলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই যাত্রাপথে তাঁকে গাড়িতে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে বলেও টুইট করে জানিয়েছেন তিনি। সঙ্গে আরও জানিয়েছেন, এই অনুষ্ঠানের জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হলেও তা দেওয়া হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news