সূর্য সরকার।
অবশেষে আঞ্চলিক ভাষার তালিকায় বাংলাকে নিজেদের কর্মপদ্ধতিতে সামিল করল সুপ্রিম কোর্ট। কোর্টের রায় বা নির্দেশের ক্ষেত্রে প্রাথমিকভাবে ৬টি ভাষার তালিকায় বাংলার না থাকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল পশ্চিমবঙ্গে। রাজ্য বিধানসভায় একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছিল শাসক-বিরোধী দু’পক্ষই। তালিকাভুক্ত ভাষায় বাংলা রাখার আর্জি জানায় বাম-কংগ্রেস উভয়ের তরফেই সু্প্রিম কোর্টে চিঠি দেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বাম-কংগ্রেসকে সমর্থন জানায় তৃণমূলও। আর্জি জানানোর দু’সপ্তাহের মধ্যে বাংলাকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। এবার রায় অনুবাদ হবে বাংলা ভাষাতেও।
পাশাপাশি, এবার বাংলাতেও অনুদিত হবে সুপ্রিম কোর্টের রায়। আপলোড করা হবে ওয়েবসাইটে। লোকসভার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। বাংলা-সহ মোট ৯টি ভাষায় রায় অনূদিত করে আপলোড হবে শীর্ষ আদালতের ওয়েবসাইটে। বর্তমানে বিচারপতিদের রায় ৯টি আঞ্চলিক ভাষায় অনুবাদের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়। সেই ন’টি ভাষা হল- অসমীয়া, বাংলা, হিন্দি, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু এবং উর্দু।
প্রসঙ্গত, প্রথমে ছ’টি ভাষায় সুপ্রিম কোর্টের রায় অনুবাদ করা হবে বলে জানা গিয়েছিল। তাতে সামিল ছিল না বাংলা, তামিল ও উর্দু। বিষয়টি নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বাংলা পৃথিবীর মধ্যে পঞ্চম ভাষা হিসেবে স্বীকৃতি। এশিয়ার দ্বিতীয়। আমরা আশা করব সুপ্রিম কোর্ট যে রায় অনুবাদ করবে, তাতে বাংলা অন্তর্ভুক্ত হবে।” এদিন সেই বিষয়েই অনুমোদন দেওয়া হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news