নিজস্ব সংবাদদাতা:
রোদে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ, এদিকে উত্তরের পাহাড়ে বন্যা পরিস্থিতি। ভুটান পাহাড় ও ডুয়ার্সে গত কয়েক দিন ধরেই ব্যাপক বৃষ্টি চলছে। এবার রাত-ভোর বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হল ডুয়ার্সে। নদীতে ভেসে গিয়ে মৃত ১।
স্থানীয় সূত্রে খবর, বানারহাট এলাকায় হাতি নালার জল ঢুকে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ভুটান পাহাড় ও ডুয়ার্সে রাত থেকে অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডুয়ার্সের বানারহাট এলাকায়। হাতিনালার জল ঢুকে জলমগ্ন বানারহাট হাসপাতাল, শান্তিপাড়া, রেল কলোনি সহ বিন্নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। এইসঙ্গে ভুটানের জল হাতি নালা দিয়ে ঢুকে পড়ায় জলমগ্ন ৭ টি চা বাগান। ডুয়ার্সের ডায়না নদী পার হতে গিয়ে জলের স্রোতে ভেসে গিয়ে মারা যান তাবালে বেদিয়া (২৯) নামের হৃদয়পুর চা বাগানের জনৈক বাসিন্দা। বানারহাটে একটি বাড়ি ভেসে গিয়েছে । জল এতটাই বেড়ে যায় সার্ক রোড এবং রাজ্য সড়কের উপর দিয়ে জলের স্রোত বইতে থাকে । সমস্যায় পড়েন স্থানীয় সাধারণ মানুষ।
বানারহাট হাসপাতাল জলমগ্ন হয়েছে যেমন, তেমনই চিকিৎসকদের আবাসনেও একহাটু জল। চরম অস্বস্তিতে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি এতটাই জটিল যে ভোর-রাতেই বহু রোগী হাসপাতাল ছেড়ে ঘরমুখি হন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news