ঈষাণিকা ভোরাই :
অবশেষে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যার বিমানে দিল্লি যাবেন তিনি। এর আগে নীতি আয়োগের এই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, ঈদের দিন এত গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা উচিত হয়নি কেন্দ্রের। উৎসবের দিন এমনিতেই তিনি রাজ্য ছেড়ে অন্য কোথাও যান না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরো দু-একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও ১৬ তারিখ বৈঠক ডাকা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত বৈঠক একদিন পিছিয়ে দেয় কেন্দ্র। শুক্রবার নবান্ন থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রী নিজেই জানান, রবিবারের নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সম্ভবত এটাই এই সরকারের শেষ নীতি আয়োগের বৈঠক। আমি প্রথমেই আপত্তি জানিয়েছিলাম ঈদের দিন বৈঠক ডাকা নিয়ে। আরো কয়েকজন মুখ্যমন্ত্রী ও আপত্তি জানিয়েছিলেন।’ এদিকে ৮ফেব্রুয়ারি ২০১৫ সালের প্রথম বৈঠক থেকেই নীতি আয়োগের এই বৈঠক এড়িয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে এই বৈঠকে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে পরবর্তী লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার যাতে তাঁর বিরুদ্ধে নীতি আয়োগকে অবহেলা করার অভিযোগ না তুলতে পারে সেই কারণেই এবারের বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। পাশাপাশি বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিজের রসায়নটা আরো একবার ঝালিয়ে নিতে চাইছেন মমতা। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। প্রসঙ্গত এবারের নীতি আয়োগের বৈঠকের মূল স্লোগান হল “নিউ ইন্ডিয়া ২০২২”। এছাড়াও এবারের দিল্লি সফরে একবার অন্তত ‘এআইআইএমএস’-এ অটল বিহারী বাজপেয়ী কে দেখতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে যতই মতবিরোধ থাকুক, প্রাক্তণ এই প্রধানমন্ত্রী কে যথেষ্ট সম্মান করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news