চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ঋণ জালিয়াতি কান্ডে পলাতক নীরব মোদী ও মেহুল চোকসির প্রায় ১৩৫০ কোটি টাকার সম্পত্তি দেশে ফেরালো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ঋণ জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত হিসেবে দেশ ছাড়ার সময়ে এই সম্পত্তি মামা-ভাগ্নে দুবাইতে পাচার করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। ইডি গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা তড়িঘড়ি অভিযান চালায়। যোগাযোগ করা হয় হংকং পুলিশের সঙ্গে। এর পরেই এই সম্পদ দেশে ফেরানো সম্ভব হয়। মোট ১০৮টি বাক্স ভরে গয়না আনা হয়েছে ভারতে। এর মধ্যে ৩২টিতে নীরব মোদীর ও বাকিগুলিতে মেহুল চোকসির। এই সম্পত্তির মোট বাজার মূল্য প্রায় ১৩৫০ কোটি টাকা। মোট ওজন ২৩৪০ কেজি।
নীরব মোদী (Nirav Modi) গত বছর ব্রিটেনে গ্রেফতার হন। তিনি এখন দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে আছেন। গত ১১ মে তাঁর বিরুদ্ধে বন্দি প্রত্যর্পণ মামলার শুনানি শুরু হয়েছে। তার আগে এই বিপুল পরিমাণ সম্পত্তি দেশে ফেরানোকে নিজেদের বড় সাফল্য হিসেবে দেখছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। নীরব মোদীর মামা আরও এক পলাতক মেহুল চোকসি (Mehul Choksi) রয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র অ্যান্টিগুয়াতে। তাঁকেও ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেছে ভারত সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news