ওয়েব ডেস্ক:
আন্দামান ও নিকোবরের রস আইল্যান্ডের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। সূত্রের খবর, নতুন নাম ঘোষণা করতে আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ার যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ সিংহও। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে নাম বদলের আইনি প্রক্রিয়া শেষ পর্যায়। অপেক্ষা শুধু নতুন নাম ঘোষণার।
উল্লেখ্য, ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে প্রথমবার জতীয় পতাকা উত্তোলন করেন নেতাজি। তাঁর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আন্দামান ও নিকোবরের রস আইল্যান্ডের নাম বদলে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড, নীল আইল্যান্ড হবে শহিদ দ্বীপ এবং হ্যাভলক আইল্যান্ড বদলে হবে স্বরাজ দ্বীপ।
আরও উল্লেখ্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ সালের ২১ মার্চ জাপানিরা আন্দামান দখল করে নেয়। তারাই পরে এই দ্বীপপুঞ্জের অধিকার তুলে দেয় নেতাজির নেতৃত্বাধীন আজান্দ হিন্দ সরকারের হাতে। ১৯৪৩-এর ৩০ ডিসেম্বর আন্দামান ও নিকোবরের স্বাধীনতা ঘোষণা করে পোর্ট ব্লেয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি। প্রথম তিনিই আন্দামান ও নিকোবর দ্বীপের নাম শহিদ ও স্বরাজ দ্বীপ রাখার পরামর্শ দিয়েছিলেন। রাজনাথের কথায়, নেতাজির এই ইচ্ছাকে সম্মান জানাতেই নাম বদলের এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news