পার্থসারথি পাণ্ডা:
বাংলায় বাঙালির তৈরি প্রথম সিনেমা হল ‘চিত্রা’। এই হল তৈরি করেছিলেন নিউ থিয়েটারস সিনেমা কোম্পানির মালিক বীরেন্দ্রনাথ সরকার। যাকে লোকে বি এন সরকার নামে বেশি চেনে। তো, সেটা 1930 সাল। এ-বছরই তৈরি হল ‘চিত্রা’। হল তো তৈরি হল , উদ্বোধন করবেন কে? সরকারমশাই কিন্তু ভেবে রেখেছেন এই হল উদ্বোধন করবেন একজনই, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি তখন অসম্ভব জনপ্রিয় যুবনেতা। তিনি যেখানে যান, সেখানেই উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। মানুষ হিসেবে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুভাষচন্দ্র সরকারমশাইয়েরও দারুণ প্রিয়। কিন্তু মুশকিল হচ্ছে, তাঁকে রাজি করানো।
এরইমধ্যে একদিন সুভাষচন্দ্রের কাছে গেলেন সরকারমশাই তাঁর আবদার নিয়ে। বাঙালির উদ্যোগে প্রথম সিনেমা হল তৈরি হয়েছে শুনে তিনি খুব খুশি হলেন। তিনি অবশ্যই যাবেন, উদ্বোধন করবেন। তবে, একটাই শর্তে! নেতাজি রাজি হয়েছেন, এতেই সরকারমশাই আহ্লাদে আটখানা! তিনি সেই আহ্লাদেই কোনোকিছু না-ভেবেই বলে বসলেন যে, যেকোন শর্তই মেনে নিতে রাজি!

নেতাজি তখন বললেন যে, তিনি যাবেন বটে, তবে এই অনুষ্ঠানে এবং তার আশেপাশে কোন পুলিশ যেন না-থাকে। ততদিনে বেশ কয়েকবার নেতাজির জেলে যাওয়া হয়ে গেছে এবং ইংরেজের সঙ্গে সঙ্গে তাদের পুলিশগুলোও তাঁর চোখে বিষ হয়ে গেছে। ইংরেজের পুলিশ তাঁর সুরক্ষার ভার নেবে, এটা তিনি কিছুতেই সহ্য করতে পারবেন না।
সরকারমশাই শর্তে রাজি হলেন বটে, কিন্তু পড়লেন মহা আতান্তরে। নেতাজিকে দেখতে উপচে পড়বে একইসঙ্গে কয়েক হাজার লোক, সেই ভিড় পুলিশ না হলে তিনি সামলাবেন কি করে! কিন্তু কথা যখন দিয়েছেন, উপায় তো একটা ভাবতে হবে। ভাবলেন এবং পেয়েও গেলেন একটা উপায়।
সেইসময় রেসকোর্স অঞ্চলে আলীভাই বলে একটা লোক ছিল, রেসকোর্স-এর পুরো ভিড়টা সে একাই সামলাত তার চ্যালাদের নিয়ে। সরকারমশাই গিয়ে ধরলেন তাকে, ভাই, এবারের মতো আমায় উদ্ধার করে দাও। তো, তাঁর কথায় লোকটা রাজি হল।
নির্দিষ্ট দিনে নেতাজি এলেন। প্রচুর লোক এলো তাঁকে দেখতে। আলীর ব্যবস্থাপনায় কোন হাঙ্গামা হলো না। নেতাজি ‘চিত্রা’-র দ্বার উদঘাটন করলেন। সরকারমশাইকে উপদেশ দিলেন– বাঙালির জন্য বাংলা ভাষায় ভালো ভালো ছবি বানাও, বিদেশি ভাষায় কিছু করতে যেও না।
বি এন সরকার তাঁর প্রিয় নেতাজির উপদেশ জীবনের শেষ দিন পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, বাঙালির জন্য অসাধারণ সব বাংলা ছবি প্রযোজনা করেছেন তিনি ও তাঁর ‘নিউ থিয়েটার্স’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news