চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারত-নেপালের (Indo-Nepal) মধ্যে মানচিত্র বিতর্ক চলছিলই। এবার সেই বিতর্কের মধ্যেই সীমান্তবর্তী এলাকায় নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় কৃষকের। বিহারের সীতামড়ি জেলার সীমান্তবর্তী এলাকায় নেপাল সশস্ত্র পুলিশের গুলিতে স্থানীয় এক গ্রামবাসী নিহত হয়েছেন। আহত আরও তিন। শুক্রবার এপিএফের কয়েকজন জওয়ান লালবন্দি-জানকীনগর পঞ্চায়েত এলাকায় আন্তর্জাতিক সীমান্তে এসে ভারতীয় কৃষকদের চাষের কাজ করতে বাধা দেন। সে সময় কৃষকদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। হঠাৎই নেপাল পুলিশ (Nepal Police) এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।
গুলিতে বিকাশকুমার রাই (২৫) নামে এক কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়াও উমেশ রাম এবং উদয় ঠাকুর গুরুতর জখম হয়েছেন। তাঁদের সীতামড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লগন রাই নামে আরেক আহত কৃষককে নেপাল পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলেও খবর। ঘটনার জেরে নেপাল সীমান্তের অন্য এলাকাগুলিতেও টহলদারি বাড়ানো হয়েছে। দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি এসএসবি পোস্টে পাঠানো হয়েছে অতিরিক্তি বাহিনী। মেচি নদীর তীর এবং নকশালবাড়ি ও খয়েরবাড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে বাহিনী।
ছবি সৌজন্যে : এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news