চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
কোভিড পরিস্থিতিতে স্থগিত করা হোক সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা। এমনই দাবির স্বপক্ষে ঐক্যমতে পৌঁছাতে আজ ভার্চুয়াল বৈঠকে বসেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi) ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দুই নেত্রীর ডাকে আয়োজিত এই ভারচূয়াল বৈঠকে যোগ দেবেন বেশকিছু অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। দুপুর আড়াইটের সময় অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে যোগ দেবেন কংগ্রেসের রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ পুডুচেরীর মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন বা কেরলের পিনারাই বিজয়ন কী করবেন এ ব্যাপারে বুধবার সকাল পর্যন্ত কিছু জানা যায়নি।
মঙ্গলবার প্রেস বিবৃতি জারি করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়ে দেয়, সেপ্টেম্বরেই হবে পরীক্ষা। আর স্থগিত করার কোনও অবকাশ নেই। এনটিএ জানিয়েছে, পূর্ব ঘোষণা মতো ১-৬ সেপ্টেম্বর হবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা। এবং ১৩ সেপ্টেম্বর হবে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন ১১ জন ছাত্র ও তাঁদের অভিভাবকরা। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ জানায়, “করোনা সংক্রমণের কারণে জীবন থমকে থাকবে না। স্বাস্থ্য বিপর্যয়ের কারণে এমনিতেই ছাত্রছাত্রীদের কেরিয়ারের অনেক ক্ষতি হয়েছে। পরীক্ষা পিছিয়ে দিলে তাদের আরও একটা বছর নষ্ট হবে। সেদিকটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কিন্তু সোমবার টুইট করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল (TMC) সুপ্রিমো নিট ও জয়েন এন্ট্রান্স পরীক্ষার (NEET & Joint Entrance Examination) উক্তি চিঠি লেখেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্দেশ্যে। কিন্তু বুধবার সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে একমত হতে চাইছেন সনিয়া-মমতা। এই উদ্যোগ কতটা সফল হয় সেই দিকেই তাকিয়ে শিক্ষা মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news