ওয়েব ডেস্ক:
পরিবর্তন করা হল জাতীয় শিক্ষানীতির খসড়ায়৷ নয়া খসড়ায় বাধ্যতামূলক রইল না হিন্দি৷ ঐচ্ছিক ভাষা হিসেবে রাখা হল হিন্দিকে৷
প্রসঙ্গত, সম্প্রতি নতুন জাতীয় শিক্ষানীতির খসড়া পেশ করে কেন্দ্র। সেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়। এরপরেই শোরগোল পড়ে যায় গোটা দেশে। প্রতিবাদে সরব হয় দক্ষিণ ভারতের একধিক রাজ্য। অ-হিন্দি ভাষী মানুষের উপরে জোর করে হিন্দি ভাষা শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে দেশের বিভিন্ন প্রান্তে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও কেরলের কংগ্রেস এমপি শশী তারুর হুমকি দেন, কোনও শক্তি যদি আমাদের ওপরে জোর করে হিন্দি চাপিয়ে দিতে চায়, তার ফল ভালো হবে না ইত্যদি। শনিবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ও ডিএমকে নেতা এম কে স্ট্যালিনও একই ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এরাজ্যেও সোশ্যাল মিডিয়ায় হিন্দি আগ্রাসনের প্রতিবাদ শুরু হয় বিপুলভাবে। ক্ষোভের আঁচ পেয়েই আসরে নামেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বিদেশমন্ত্রী রবিবার টুইট করেন, শিক্ষাক্ষেত্রে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হবে না। নতুন যে শিক্ষানীতির কথা বলা হচ্ছে, তা খসড়া মাত্র। সিদ্ধান্ত নয়। খসড়া খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত। একই কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরকর, উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু প্রমুখ।
শেষ পর্যন্ত সেই কথা রাখল সরকার৷ নতুন শিক্ষানীতিতে হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক রইল না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news