নিজস্ব সংবাদদাতা:
অবশেষে জাতীয় পুরস্কারেও ঐতিহ্যের ভাঙন ধরল। বিগত চৌষট্টি বছর ধরে দেশের সবচেয়ে বড় সিনেমা-সম্মান জাতীয় পুরস্কার ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতির হাত থেকেই পেয়ে এসেছেন পুরস্কারপ্রাপকেরা। এই প্রাপ্তি তাঁদের কাছে গর্বের। কিন্তু এই পঁয়ষট্টিতম বছরে সেটি আর হচ্ছে না। গতকালই হঠাত জাতীয় পুরস্কার কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ, ৩ মে’র পুরস্কার প্রদানের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এক ঘন্টার বেশি সময় দিতে পারবেন না। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল চারটে থেকে অনুষ্ঠান শুরু হবে। কিন্তু রাষ্ট্রপতি আসবেন বিকেল পাঁচটায়। মোট একশো চল্লিশজন পুরস্কারপ্রাপকের মধ্যে তিনি মাত্র এগারো জনের হাতে পুরস্কার তুলে দেবেন। বাকিদের হাতে পুরস্কার তুলে দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি। বিতর্কটা শুরু হয়েছে এখানেই।
সারা দেশের নানান প্রান্ত থেকেই একদিন আগে সমস্ত কৃতি-পুরস্কারপ্রাপকেরা হাজির হয়েছেন দিল্লিতে। অনুষ্ঠানের রিহার্সালেও তাঁরা অংশ নিয়েছেন। তখনও তাঁরা জানতে পারেননি যে, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়ার সৌভাগ্য সকলের হবে না! জানলেন একেবারে সন্ধ্যেবেলায়। যে অনুষ্ঠানের দিন একমাস আগে থেকেই স্থির হয়ে আছে, তাতে রাষ্ট্রপতি আসবেন কখন তাও নিশ্চয়ই স্থির ছিল, তবু তার বিন্দুবিসর্গ জানতে দেওয়া হল না আগে থেকে পুরস্কারপ্রাপকদের! তাই এটা তাঁদের কাছে মনে হয়েছে একইসঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত ও অসম্মানজনক। সেজন্য কালই ষাটজনেরও বেশি পুরস্কারপ্রাপক বিষয়টিকে ঐতিহ্যবিরোধী ও হতাশাজনক আখ্যা দিয়ে সমাধানসূত্র চেয়ে পুরস্কার কমিটিকে চিঠি লিখেছেন। চিঠিতে এও বলা হয়েছে যে, তাঁরা অনুষ্ঠান বয়কট করতে চান না, কিন্তু কোন সমাধানসূত্র না পেলে অনুষ্ঠানে অনুপস্থিত থাকা ছাড়া অন্য কোন উপায় তাঁদের কাছে নেই। তবে, যতদূর জানা গেছে এখনও পর্যন্ত কমিটির তরফ থেকে কোন সাড়া প্রতিবাদকারীরা পান নি। হাতে আর সামান্যই সময়, চারটের সময় রাষ্ট্রপতি আসেন, নাকি প্রতিবাদকারীরা অনুষ্ঠান বয়কট করেন, সেটাই এখন দেখার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news