নিজস্ব সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে শিক্ষাকে সিলেবাসের মধ্যে আটকে রাখলে চলবে না৷ সমাজের প্রকৃত পরিস্থিতি জানাতে হবে পড়ুয়াদের৷ দিল্লির বিজ্ঞান ভবনে শিক্ষা সংক্রান্ত এক সম্মেলনে যোগ দিতে গিয়ে এমন মতামতই দিলেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, যা জীবনকে উন্নত করে তাই শিক্ষা৷
এরপরই তিনি শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত বিনিয়োগের কথা ঘোষণা করেন। বলেন, বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগের লক্ষ্য নিয়েছে৷ শিক্ষা পরিকাঠামোকে উন্নত করতে আনা হচ্ছে রাইস (রিভিটেলিসেশন অফ ইনফ্রাসট্রাকচার সিসটেমস) প্রকল্প৷ ২০২২ সালের মধ্যে এ দেশের শিক্ষা ব্যবস্থাইকে ঢেলে সাজাতে ১ লক্ষ কোটি টাকা অবধি খরচ করবে মোদী সরকার৷
নিজের বক্তব্যে নরেন্দ্র মোদী নালন্দা, তক্ষশীলা, বিক্রমশীলার মত প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ টানেন। বলেন, শিক্ষার পাশাপাশি উদ্ভাবনেও জোর দিতে হবে৷
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘আমাদের মানতেই হবে দুনিয়ার কোনও দেশ, সমাজ কিংবা ব্যক্তি একা থাকতে পারে না৷ আমাদের গ্লোবাল সিটিজেন ও গ্লোবাল ভিলেজকে মাথায় রাখতে হবে৷ আর এই দর্শন তো প্রাচীনকাল থেকেই আমাদের সংস্কারে রয়েছে৷’
প্রধানমন্ত্রীর বক্তব্য, শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে তো যাবেনই, একইসঙ্গে দেশের জন্যও কিছু করুন তারা৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news