নীল রায়:
আবারও রাজ্যে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির দীনদয়াল উপাধ্যায় ভবন সূত্রে খবর, সব ঠিকঠাক চললে তিন দিনে পশ্চিমবঙ্গের মোট চারটি লোকসভা এলাকায় সভা করবেন তিনি। সূত্রের খবর, ২০ এপ্রিল বুনিয়াদপুর, ২৩ এপ্রিল আসানসোলে ও ২৪ এপ্রিল রানাঘাটে প্রধানমন্ত্রী জনসভা করবেন বিজেপি প্রার্থীদের পক্ষে।
রাজনৈতিক মহলের ধারণা উত্তরপ্রদেশের ৭৩ টি আসন আর ধরে রাখা সম্ভব নয় বিজেপির পক্ষে। তা ভালই জানেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। দেশের তৃতীয় সর্বোচ্চ লোকসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে। তাই এবার পূর্বাঞ্চলের এই রাজ্যে নজর মোদি-শাহ জুটির। তাই প্রধানমন্ত্রী ও অমিত শাহ বারবার লোকসভা ভোটের প্রচার সভা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াচ্ছেন।
উল্লেখ্য, প্রথম দফার ভোটে কোচবিহারে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও শিলিগুড়িতে আগেই জনসভা করে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু সিংহ বিস্তের হয়ে ভোট চেয়েছেন সেখানকার মানুষের কাছে। এবার রাজ্যের তৃতীয় ও চতুর্থ দফার ভোটে আবারও বাংলায় পা রাখছেন তিনি। আসানসোলে ভোট ২৯ এপ্রিল। সেখানে বিজেপির প্রার্থী বর্তমান সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর সমর্থনে ২৩ এপ্রিল সভা করবেন মোদি। রানাঘাটের মতুয়া ভোটের কথা মাথায় রেখে ২৪ এপ্রিল সেখানে সভা করবেন তিনি। বোলপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী দুধকুমার মন্ডল। রাজ্য নেতৃত্বের দাবি মেনে ২৪ তারিখ আরও একটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news