শ্রেয়সী কুণ্ডু:
শিলিগুড়ি: বিজেপি’র রাজ্য নেতৃত্ব সোমবারই জানিয়েছে আগামী ২ ফেব্রুয়ারি শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন। হাতে মাত্র ১০ দিন রয়েছে তাই মোদীর সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিজেপি’র শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির শিবিরে। আজ মঙ্গলবার শিলিগুড়িতে আসছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি। তাই নাওয়া-খাওয়া ভুলে মাঠ খুঁজতে নামছে বিজেপি’র জেলা নেতারা। যদিও এর আগে বিজেপি মোদীর সভার জন্য শিলিগুড়ি মহকুমা এলাকার বেশ কয়েকটি মাঠ দেখেছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি টিম আজ শিলিগুড়িতে এলে ওই দলকে নিয়ে বিজেপি’র শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির প্রতিনিধিরা মাঠগুলি দেখানোর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে যেমন রয়েছে কাওয়াখালি স্যাটেলাইট টাউনশিপের মাঠ, তেমনি শিবমন্দির ও বাগডোগরা এলাকার মাঝে একটি বেসরকারি আবাসনের প্লট, পাথরঘাটা এলাকার একটি মাঠও তালিকায় আছে। এসপিজি যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তবেই সবুজ সংকেত দেবে। আর তারপরই মোদীর সভায় চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে। এই অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বিজেপি নেতারা। অনুমতি আসার পরেই ব্যানার-ফেস্টুন লাগিয়ে জোর প্রচারে নামবে জেলা কমিটি।
বিজেপি’র শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায়চৌধুরী বলেন, ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভায় হাজির থাকবেন একথা রাজ্য থেকে আমরা জানতে পেরেছি। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি টিমের আজ শিলিগুড়িতে আসার কথা রয়েছে। ওই দলটি এলে মাঠগুলি ঘুরিয়ে দেখানো হবে। প্রধানমন্ত্রী সভায় যাতে রেকর্ড পরিমাণ জমায়েত করা যায় তার জন্য এখন থেকেই আমরা প্রস্তুত হচ্ছি। লক্ষাধিক লোকের জমায়েত সম্ভব এমন বড় মাঠ এবং পার্কিংয়ের ব্যবস্থা থাকে জায়গাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ ওই জনসভায় উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে অসংখ্য কর্মী সমর্থকেরা আসবেন। পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর থেকে যাতে খুব একটা দূরে না হয় সভাস্থল সেটাও খেয়াল রাখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news