নীল রায়:
মোদীর ভূমিকায় বিবেক ওবেরয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন বিবেক আনন্দ ওবেরয়। ট্যুইট করে এমনটাই জানিয়েছেন বিখ্যাত ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ। এই ট্যুইটে তিনি আরও জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি নরেন্দ্র দামোদারদাস মোদীর বায়োপিকে প্রথম পোস্টার প্রকাশিত হবে। নরেন্দ্র মোদীর মতো বিতর্কিত ব্যক্তিত্বের জীবন সিনেমার পর্দায় দেখান যথেষ্ট ঝুঁকিপূর্ণও বটে। কারণ অল্প বয়সে যশোদা বেনের সঙ্গে বিবাহ, বিচ্ছেদ, বা ২০০২ সালের গুজরাট দাঙ্গা। সর্বোপরি একজন স্বয়ংসেবক সঙ্ঘের সদস্য থেকে দেশের প্রধানমন্ত্রী পদে বসা সবকিছুই যে এই ঝানু রাজনীতিকের বায়োপিকে থাকা অবসম্ভাবি তা এক বাক্যেই মেনে নিচ্ছে ফিল্মজগত। চলতি মাসের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হয়ে যাবে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন উমঙ্গ কুমার।
এর আগে উমঙ্গ রিতিক রোশন ও ক্যাটরিনা কাইফকে নিয়ে “ব্যাংব্যাং”-এর মতো মশালা হিন্দী ছবি বানিয়েছেন। অতএব রাজনৈতিক বায়োপিক তাঁর প্রথম প্রয়াস। ছবির প্রযোজক সন্দীপ সিং।

ঘটনাচক্রে নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীনই শুরু হচ্ছে তাঁর জীবনের ওপর তৈরি ছবি। বলিউডে গুঞ্জন ছিল, মোদীর বায়োপিকে অভিনয় করতে পারেন অভিনেতা পরেশ রাওয়াল। বর্তমানে তিনি গুজরাটের বিজেপি সাংসদ। তার এই চরিত্রে না অভিনয় করা প্রসঙ্গে মনে করা হচ্ছে, বায়োপিকে নরেন্দ্র মোদীর কম বয়সের ঘটনা থেকে শুরু করে বর্তমান বয়স পর্যন্ত জীবনের অনেক অধ্যায় দেখানো হবে। আর পরেশ রাওয়াল যেহেতু বয়স্ক অভিনেতা তাই তুলনামুলক কম বয়সের অভিনেতা হিসেবেই বিবেক ওবেরয়কে চূড়ান্ত করা হয়েছে। ২০০২ সালে রামগোপাল ভার্মার “কম্পানি” ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করা সুরেশ ওবেরয় পুত্রের ফিল্ম কেরিয়ারে বড় সাফল্য নেই বললেই চলে। তাঁর কেরিয়ারে “কম্পানি” ছাড়া যশরাজ ফিল্মসের শাদ আলি পরিচালিত রানি মুখোপাধ্যায়ের বিপরীতে “সাথিয়া” ও পরিচালক-প্রযোজক সঞ্জয় গুপ্তার “শুট আউট অ্যাট লোকহ্যান্ডোওয়ালা” ছাড়া মনে রাখার মতো চরিত্র নেই বললেই চলে। হিন্দী ছবিতে যদিও বিবেককে আজকাল কম দেখা যায়, তবে দক্ষিণ ভারতীয় ছবিতে নিয়মিত খলনায়কের চরিত্রে অভিনয় করে থাকেন। এমন একজন আড়ালে চলে যাওয়া অভিনেতাকে দিয়ে নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করানোটাও বি-টাউনে যথেষ্টই কৌতুহলের বিষয় হয়ে উঠেছে।
ঘটনাচক্রে মোদীর বায়োপিক তৈরির ঘোষণার সময়ই দেশের আরও এক প্রধানমন্ত্রীকে নিয়ে ছবি তৈরি হয়েছে। যা নিয়ে জোর বিতর্ক চলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে তৈরি “দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার” নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে। যদিও, বর্তমান ছবিটি বায়োপিক নয়। আগামী ১১ জানুয়ারি মুক্তি পাচ্ছে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী থাকাকালীন বির্তকিত ঘটনা নিয়ে তৈরি সিনেমা। তার আগেই প্রকাশিত হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিকের প্রথম ঝলক। ৮০-র দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জীবনের একাংশের ওপর ভিত্তি করে নির্মিত পরিচালক গুলজারের ছবি “আঁধী” নিয়েও কম বিতর্ক হয়নি সে সময়। সঞ্জীবকুমার ও সুচিত্রা সেন অভিনীত ছবিটি রাজরোষেও পড়ে। কিছু দিনের জন্য নিষিদ্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংয়ের প্রেস সচিব হিসেবে কাজ করা সঞ্জয় বাড়ুর লেখা বইয়ের ওপর ভিত্তি করে তৈরি “দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার” ছবিটি আপাতত নিষিদ্ধ হওয়ার বদলে বিজেপির রাজনৈতিক তাস হিসেবেই জায়গা করে নিচ্ছে। যখন ছবিটি মুক্তি পাচ্ছে তখন আর দেশের প্রধানমন্ত্রী নন মনমোহন। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদীর বায়োপিক যখন মুক্তি পাবে তখন প্রধানমন্ত্রী থাকবেন তো ৫৬ ইঞ্চি ছাতির গুজরাতি?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news