ওয়েব ডেস্ক:
নারদাকাণ্ডে অভিযুক্ত ১১ বিধায়ক, সাংসদকে সমন পাঠাল সিবিআই। তালিকায় রয়েছে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের নাম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনের নয়া তালিকা থেকে বাদ পড়েছেন মুকুল রায়। সূত্রের খবর, এই এগারোজনের কাছে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। তালিকায় নাম আছে কাকলি ঘোষ দস্তিদার, সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁদের বয়ান রেকর্ড করবে সিবিআই। ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলে খবর।
প্রসঙ্গত গত ২৭ আগস্ট নারদাকাণ্ডে গোপন ক্যামেরার সংশয় কাটাতে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় ম্যাথু স্যামুয়েল, কেডি সিংহ ও দিল্লির এক ব্যবসায়ীকে। সেই জেরায় তদন্তকারীদের হাতে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ম্যাথু দাবি করেন, অভিষেকের ওপর স্টিং অপারেশন করার কথা বলেছিলেন কেডি সিংহ। এর জন্য তাঁর কাছ থেকে টাকাও পেয়েছিলেন ম্যাথু। প্রমাণ হিসেবে তাঁকে পাঠানো কেডি সিংহের একটি মেসেজ সিবিআই আধিকারিকদের দেখান ম্যাথু। প্রথমে কে়ডি সিংহ অস্বীকার করলেও, মেসেজ দেখানোর পর চুপ করে যান। যদিও মুখে দাবি করেন, এমন মেসেজ তিনি ম্যাথুকে পাঠিয়েছিলেন বলে মনে করতে পারছেন না। শুধু অভিষেকই নয়, এই স্টিং অপারেশন যাঁদের যাঁদের ওপর হয়েছে, তা সবই কেডি সিংহের অঙ্গুলি হেলনেই হয়েছে বলে সেদিন দাবি করেন ম্যাথু।
নারদাকাণ্ডের তদন্তের এই পর্বে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কেও চিঠি দিয়েছে সিবিআই। আগামী ৩১ অগাস্ট সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, বিজেপিতে যোগদানের পর এই প্রথম শোভনকে নোটিশ পাঠাল সিবিআই। এর আগে নারদাকাণ্ডে ইডি কলকাতার প্রাক্তন মেয়রকে জিজ্ঞাসাবাদ করে।
এদিকে সিবিআইয়ের সমনের নয়া তালিকায় মুকুল রায়ের নাম না থাকায় প্রশ্ন তুলেছে বিরোধীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news