ওয়েব ডেস্ক:
গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্য ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল নানুরে। এদিন দলীয় কর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভে নামেন বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী স্বরূপ গড়াই। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় নানুরে।
এই ঘটনায় আজ জেলাজুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। এইসঙ্গে নানুর থানা চত্তরেও চলছে বিক্ষোভ। বিজেপির দাবি, স্বরূপ গড়াইকে খুনের পিছনে রয়েছে নানুরের তৃণমূল নেতা কেরিম খান। তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় বিজেপির জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, ৬ তারিখ নানুরের রামকৃষ্ণ গ্রামে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। ব্যাপক বোমাবাজি চলে। অভিযোগ, সংঘর্ষের সময়ই বিজেপি কর্মী স্বরূপ গড়াইকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে স্বরূপের পাঁজরে।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে কলকাতায় নিয়ে আসা হয় স্বরূপ গড়াইকে। যদিও শেষরক্ষা হয়নি। রবিবার রাতে মৃত্য়ু হয় স্বরূপ গড়াইয়ের। আর তারপর থেকেই নতুন করে ফের উত্তেজনা ছড়িয়েছে নানুরে।
এদিকে আজই সন্ধ্যায় স্বরূপ গড়াইয়ের দেহ পৌঁছনোর কথা গ্রামে। দেহ নিয়ে গ্রামে আসার কথা রয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের। সেইসময় আবার অশান্তি বাধতে পারে বলে আশঙ্কা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news