নীল বণিক:
নামখানায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কার্যত বিরোধীদের অভিযোগের মান্যতা দিলেন। এতদিন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ বাম, কংগ্রেস অভিযোগ করছিল, কূটির শিল্পের মত রাজ্যের ঘরে ঘরে বোমা তৈরির কারখানা গজিয়ে উঠছে। বুধবার নামখানায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কতকটা বিরোধীদের সুরে সুর মিলিয়েই কুলতুলি থানার আইসিকে প্রশ্ন করেন, কেন এত বোমা তৈরির কারখানা গজিয়ে উঠছে। আপনি কোন খবর রাখেন না ? জেলা সুপারকে বোমা তৈরির কারখানাগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এদিন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার আইনশৃঙ্খলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। জয়নগর, মন্দিরবাজারের খুনিদের গ্রেফতার করা যায় নি কেন তাও জানতে চান। আজ কার্যত পুলিশকে কাঠগড়ায় দাঁড় করান মুখ্যমন্ত্রী। তিনি দুই থানার ভারপ্রাপ্ত আধিকারীকদের বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে।
বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর আজকের বৈঠকেই প্রমাণ হয়ে গেল রাজ্যের আইনশৃঙ্খলার কতটা করুণ অবস্থা। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মুকুল রায় বলেন, রাজ্যে বোমা তৈরির কারখানা আছে, তা এতদিনে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন। তবে শুধু প্রশাসনিক বৈঠকে বললে চলবে না। পুলিশ দিয়ে বোমা তৈরির কারখানা বন্ধ করতে হবে। মুকুলের দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধান এই কাজ করতে পারবেন না।
মুকুল রায়ের অভিযোগ, বোমা তৈরির শিল্পের সঙ্গে তৃণমূলীরাই যুক্ত। কারখানা বন্ধ হলে ভোট বাক্সে তার প্রভাব পড়বে। যা আগামী দিনে মুখ্যমন্ত্রীর দলের জন্যই খারাপ হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news