নীল বণিক:
এতদিন মুকুল রায় অভিযোগ তুলতেন, মমতার দলে পুলিশি রাজ চলছে। এবার মমতার দলের বিধায়ক যোগরঞ্জন হালদার সেই অভিযোগে সরব হলেন। নামখানায় প্রশাসনিক বৈঠকে খোদ মুখ্যমন্ত্রীর কাছে পুলিশি রাজের অভিযোগ তুললেন বিধায়ক।
ডায়মন্ড হারবারের বিধায়ক মুখ্যমন্ত্রীকে এদিন বলেন, দক্ষিণ চব্বিশ পরগনার বহু ওসি বিধায়কদের কথা শোনেন না। এমনকী সরাসরি ওসি সঞ্জয় রায়ের নাম তুলে তিনি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করেন। জেলার পু্লিশ মহলের একাংশ জনপ্রতিনিধিদের মানছেন না বলেও মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান বিধায়ক যোগরঞ্জন হালদার। শুধু ওসিদের বিরুদ্ধে নালিশ জানিয়ে থামেননি তিনি। জেলার পুলিশ সুপারের বিরুদ্ধেও নালিশ জানিয়েছেন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীকে তিনি বলেন, ওসিদের বিষয়টি আমি জেলার পুলিশ সুপারকেও জানিয়েছি। কিন্তুু পুলিশ সুপার আমার কথায় কান দেননি। যখনি বলতে গিয়েছি, সেই সময় পুলিশ সুপার বলেন এই ওসি খুব ভাল ইত্যাদি।
এই ঘটনায় অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী। বিধায়কের মুখে পুলিশের বিরুদ্ধে নালিশ শোনায় কার্যত বিরক্ত হন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিন। এইসঙ্গে হুসিয়ারি দেন, এই সমস্যা যেন আর তৈরি না হয়। পুলিশ সুপারকেও একই নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
রাজ্যে পুলিশি রাজ চলছে–এমন অভিযোগ প্রথম করেন মুকুল রায়। মুখ্যমন্ত্রীর বৈঠকে বিধায়ক-পুলিশ তর্যার প্রতিক্রিয়ায় তিনি বলেন, শাসক দলের পুলিশি রাজ নিয়ে আমি আগেই বলেছিলাম। এখন দেখা যাচ্ছে দলের বিধায়করাও একই সুরে কথা বলছেন। যতদিন যাবে, আরও এই সত্যি প্রমাণ হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news