নিজস্ব প্রতিনিধি।
দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করলেন সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (J P Nadda)। বুধবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির (BJP) সদর দফতরে এই বৈঠক হয়। প্রায় দু’ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে সভাপতি জানতে চান, “এমন ফলাফল কেন হল?” সূত্রের খবর, সাধারণ সম্পাদকরা জে পি নাড্ডাকে জানিয়েছেন, বিজেপির ভোট প্রচার ছিল জাতীয় ইস্যুতে। নাগরিক সংশোধনী আইন ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়েই প্রচারে ঝাঁপিয়েছিল তাঁরা।
কিন্তু, আম আদমি পার্টি তাদের পাঁচ বছরের কাজকে সামনে রেখে এগিয়েছিল। বিনামূল্যে আপ সরকার যে সমস্ত পরিষেবা দিল্লির জনতাকে দিয়েছে। সেই পরিষেবা বহাল রাখাও ছিল তাদের প্রচারে। দিল্লির মানুষ পরিষেবামূলক প্রচারের পক্ষে ভোট দেন বলেও মত প্রকাশ করেন বিজেপির সাধারণ সম্পাদকরা।
সাধারণ সম্পাদকদের কথা শুনে বিধানসভা ভোটের নীরিখে ভোটব্যাঙ্ক বৃদ্ধি প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেন নাড্ডা। জানান, বিজেপির আটজন বিধায়ক দিল্লি বিধানসভায় গঠনমূলক বিরোধীর ভুমিকা পালন করবে। বিপর্যয়ের পর দলীয় কর্মীরা যাতে ভেঙে না পড়েন, সেদিকে সাধারণ সম্পাদকদের নজর দিতে বলেছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news