নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল।আর তার প্রভাব সোজা এসে পড়ল মধ্যবিত্তর হেঁসেলে।বুধবার বাজার অগ্নিমূল্য হওয়ায় হঠাৎই গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ১৪৫ টাকা বেড়ে যায়। ৭১৪ টাকা থেকে দাম বেড়ে গ্যাসের দাম হয় ৮৫৮.৫০ টাকা প্রতি সিলিন্ডার। গায়ে ছ্যাঁকা লাগার মত দাম বেড়ে যাওয়া বোধহয় একেই বলে। বর্তমানে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে হল ৮৫৮ টাকা ৫০ পয়সা। কলকাতায় দাম হল ৮৯৬ টাকা। এর আগে ২০১৪ সালের জানুয়ারিতে ২২০ টাকা থেকে গ্যাসের দাম বেড়ে ১২৪১ টাকা হয়েছিল।তারপর একসঙ্গে এতটা দাম এই প্রথম বাড়ল। জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চিন্তায় মাথায় হাত পড়ে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষের। একে বাজার অগ্নিমূল্য। তার ওপর গ্যাসের দাম যদি এইভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে সাধারণ মানুষের যে হাড়ির হাল হবে তা তো বলাই বাহুল্য।
তবে এর মধ্যেই মোদি সরকার গ্যাসের ওপর ভর্তুকি দ্বিগুণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন অনেকটাই।যাঁরা ১২টি পর্যন্ত সিলিন্ডার কেনেন তাঁদের আগের থেকে অনেক বেশি ভর্তুকি দেওয়া হবে বলে ঘোষণা করেছে সরকার। এই ক্ষেত্রে ১৫৩ টাকা ৮৬ পয়সার জায়গায় এখন ভর্তুকি দেওয়া হবে ২৯১ টাকা ৪৮ পয়সা। যাঁরা প্রধানমন্ত্রী উজালা যোজনার আওতায় আসেন তাঁদের ভর্তুকি বৃদ্ধি হবে ৩১২ টাকা ৪৮ পয়সা।গৃহে ব্যবহারকারীদের জন্য ১৪ কেজি সিলিন্ডারের দাম হবে ৫৬৭ টাকা আর যাঁরা উজালা যোজনার আওতায় আসবেন তাঁদের সিলিন্ডার প্রতি দাম পড়বে ৫৪৬ টাকা।
সাধারণতঃ প্রতি মাসের প্রথম দিন-ই এলপিজি গ্যাসের দাম বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে খতিয়ে দেখা হয়। কিন্তু এইবার প্রায় দুইসপ্তাহ লাগল খতিয়ে দেখে দাম ধার্য করতে। সরকারি আধিকারিকদের মতে হঠাৎ এতটা ভর্তুকি বৃদ্ধির জন্যই সময় বেশি লাগল। কারণ সরকারের মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে খানিকটা হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news