চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কলকাতায় পা রাখলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। বুধবার সকালে দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এবার তাঁর কর্মসূচি রয়েছে মূলত পিসি-ভাইপোর কেন্দ্রে। আজ বিকেলে কলকাতার ভবানীপুরে ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে। বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণও বটে। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরেই দলীয় কর্মসূচি রয়েছে নাড্ডার। যাবেন কালীঘাট মন্দিরেও।

ভবানীপুরে ৩৭/২ গিরিশ মুখার্জি রোডে দলের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। জন সম্পর্ক অভিযানে কয়েকটি বাড়িতে যাবেন। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে দলের লিফলেট তুলে দেবেন আম জনতার হাতে। এদিন আইসিসিআর অডিটোরিয়ামে দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে ও আরও কয়েকটি সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। বৃহস্পতিবার সকালে যাবেন ডায়মন্ডহারবার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news