চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এমন ঘটনা আগে কি কখনো ঘটেছে?
দীপান্বিতা অমাবস্যার রাতে বঙ্গের মাটিতে প্রতি বছর শ্যামা আসেন, চলেও যান।
ছোট বড় মণ্ডপে সাউন্ড বক্সে চলেন পান্নালাল।
‘মা তোর কত রঙ্গ দেখব বল’ কিংবা ‘আমি মন্ত্র তন্ত্র কিছুই জানিনে মা।’
এতদিন এই ছিল চল।
এবার হঠাৎ করেই শ্যামা পুজোয়, বলা ভালো পুজা মন্ডপের সাউন্ড বক্সে লেগেছে তাজা হাওয়া।
অমর পান্নালাল-ধনঞ্জয়ের স্থান অটুট থাকলেও আঙিনায় এসে ইতিমধ্যেই বসেছেন নচিকেতা চক্রবর্তী।
একদা নগর-বাউল, অধুনা বাংলা সঙ্গীত জগতের অন্যতম প্রতিষ্ঠান নচিকেতা গেয়েছেন শ্যামা সঙ্গীত। তাঁর ‘তোকে শ্যামা’ ইতিমধ্যেই গুণমুগ্ধদের চোখকান স্পর্শ করেছে।
একই সঙ্গে আরো একজন প্রায় এইরকমই আর একটি কাজ করে ফেলেছেন। তিনি অন্য আর কেউ নন, তিনি আধুনিক বাংলা গানের অন্যতম মহারথী কবীর সুমন।
অনবদ্য কাব্যগুণে অবলীলায় লিখে ফেলেছেন একটি শ্যামা সঙ্গীত।
কাকতলীয় হলেও সত্য গত সোমবার নচিকেতার ‘শ্যামা তোকে’ প্রকাশ হওয়ার পর আজ বুধবার ভূত চতুর্দশীর দিন কবীর সুমন তাঁর ফেসবুকে পেজে একটি গান প্রকাশ করেছেন। লিরিক্স টি পড়লে বুঝতে অসুবিধা হয় না, এটি একটি চমৎকার ও আধুনিক শ্যামাসঙ্গীত। নচিকেতার গানে রয়েছে (এই গানটি অবশ্য তাঁর নিজের লেখা নয়) মা শ্যামার কাছে পুত্র স্বীকৃতির দাবি। আর
সুমন লিখেছেন এরকম:
আমার মেয়ে
মেয়ে আমার নাচতে ভালবাসে
মেয়ে আমার জোনাক-জ্বলা আলো
মেয়ে আমার অন্ধকারে হাসে
মেয়ে আমার মহাকালের কালো।
মেয়ে আমার শ্মশান পেলে বাঁচে
মেয়ে আমার চিতার আগুন চায়
মেয়ে আমার আদুল গায়ে নাচে
মেয়ে আমার গান ধরে বাংলায়।
মেয়ে আমার ধর্মেটর্মে নেই
মেয়ে আমার মন্ত্রেও নেই মোটে
মেয়ে আমার অনন্তে নাচবেই
মেয়ে আমার ডোমের দলে জোটে।
মেয়ে আমার পূর্ণ থাকে একা
মেয়ে আমার রাগরাগিনীর ঘর
মেয়ে আমার মৃত্যুতে দেয় দেখা
মেয়ে আমার আনে জন্মান্তর।
কবীর কন্যারুপে দেখেছেন এই সৃষ্টিশক্তি স্বরুপা ‘মা’ কে।
উল্লেখযোগ্য, দুজনেই তাঁদের গানের সঙ্গে প্রচলিত ধর্মের কোনও সংযোগ দেখতে বা দেখাতে চান নি।
সুমন লিখেছেন, মেয়ে আমার ধর্মেটর্মে নেই। আর নচিকেতা বলেছেন, এই গান একপ্রকার বিশ্বাসের হলেও, কোনো ধর্মের নয়।
যাই হোক, সুমন-নচিকেতা কে দিয়ে শুরু হয়ে শ্যামা সঙ্গীত যদি নতুন করে আসে, তাহলে তা বাংলা সঙ্গীতের জন্যে সুখবর বলেই মনে করছেন বাংলা গানের বিদগ্ধরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news